শেষ ম্যাচে স্বরূপে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত সেঞ্চুরি করে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত অধিনায়কের সেঞ্চুরি উদ্‌যাপন। পরশু কিংস্টনে l এএফপি
অপরাজিত সেঞ্চুরি করে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত অধিনায়কের সেঞ্চুরি উদ্‌যাপন। পরশু কিংস্টনে l এএফপি

ক্রিকেট মাঠে বিরাট কোহলির অ্যাড্রেনালিন ক্ষরণ একটু বেশিই হয়। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। ভেবে দেখুন, সপ্তাহ তিনেক আগে বাংলাদেশ-ভারত চ্যাম্পিয়নস ট্রফির সেই সেমিফাইনালের কথা! কেদার যাদবের বলে মুশফিকুর রহিম মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে আসতেই উল্লাসে জিব বের করে ফেলেছিলেন কোহলি।

এ নিয়ে ফেসবুকে-টুইটারে কত লাখ শব্দের প্রপাত হলো। ভুবনজুড়ে লাখো-কোটি চায়ের কাপে ঝড় বইল, কিন্তু কোহলির ও রকম উল্লাস আর চোখে পড়ছিল না। অবশ্য পরের ম্যাচটিতেই, মানে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ‘চিরশত্রু’ পাকিস্তানের কাছে দুরমুশ হওয়া একটা কারণ। পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফর। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ এমনই ভাঙাচোরা দল যে, মাঠে নামলেই জয়। এরা আবার কোহলির অ্যাড্রেনালিন কীভাবে বের করে? তবে ক্যারিবীয়রাই পরশু রাতে আবার ভারত অধিনায়কের সামান্য অ্যাড্রেনালিন ক্ষরণের কারণ হলো। এরাই আগের ম্যাচে কোহলিদের মাত্র ১৯০ রানের লক্ষ্য ছুঁতে ব্যর্থ করে দিয়ে ‘অপমান’ করেছিল। তাই নিজের ব্যাটেই হয়তো ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংস করে অপমানের জ্বালা জুড়াতে চেয়েছিলেন। অপরাজিত ১১১ রানে ‘ম্যাচো অধিনায়ক’ সেটি পারলেনও। চার মেরে ফিফটি, চার মেরে সেঞ্চুরি, শেষে রোস্টন চেজের অফ স্পিনে ছক্কা মেরে দলকে ২০৫ রান পার করালেন ‘চেজের রাজা’। আর তারপরই মুঠো পাকানো হাত হাওয়ায় ছুড়ে চিৎকার ছড়িয়ে দিলেন, ‘জিতেছি!’ জয়টা ৮ উইকেটে এবং ১৩.১ ওভার বাকি থাকতে। র‍্যাঙ্কিংয়ের নয়ে থাকা দলের বিপক্ষে এমন জয় চেয়েই তো নিজেদের জন্য ‘অপ্রয়োজনীয়’ পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজটি খেলতে যায় র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল!

ব্যাটিংয়ে নামলেই এখন কোহলির সামনে থাকে নতুন নতুন ওয়ানডে রেকর্ডের হাতছানি। এদিন যেমন রান তাড়ায় সর্বোচ্চ ১৮তম সেঞ্চুরি পেয়ে গেলেন। পেছনে পড়ে গেল স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১৭ সেঞ্চুরি। শ্রীলঙ্কার সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে যৌথভাবে ২৮ সেঞ্চুরির মালিকের ওপরে এখন সাবেক দুই তারা—ওই টেন্ডুলকার (৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি) আর রিকি পন্টিং (৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি)। ১৮১ ইনিংসেই সংখ্যাটা ২৮, সন্দেহ নেই এভাবে ব্যাট চললে সবার ওপরে নাম উঠবে দ্রুতই। ম্যান অব দ্য ম্যাচ কোহলি অবশ্য ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজ জিতিয়ে বরাবরের মতোই বিনয়ী, ‘এটি ব্যক্তিগত অর্জন বা পরিসংখ্যানের বিষয় নয়। আমি চেয়েছি স্কোরবোর্ডে আমাদের লক্ষ্যটা ছুঁতে। আমরা আরেকটি নিখুঁত পারফরম্যান্স করতে পেরেছি আজ (পরশু)। রান চেজ করে জেতাটা সব সময়ই দারুণ।’

২০৫ রান তাড়ার পথে ৫ রানেই আউট শিখর ধাওয়ান। এরপর অজিঙ্কা রাহানের সঙ্গে কোহলির ৭৯ রানের দ্বিতীয় উইকেট জুটি, দিনেশ কার্তিকের সঙ্গে ১২২ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি। তিন বছরের মধ্য মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই কার্তিকের আরেকটি ফিফটি, যদিও তাঁর কাজ ছিল ‘রানমেশিন’ অধিনায়ককে সঙ্গ দেওয়াই। তবে কোহলির সঙ্গে কার্তিকও নিশ্চয়ই চাননি মহেন্দ্র সিং ধোনি ক্রিজে আসুন। কে জানে, অ্যান্টিগার মতো মন্থর ব্যাটিংয়ে ‘ফিনিশার’ যদি জয়ের সম্ভাবনাই ‘ফিনিশ’ করে দেন!

কিংসটনের স্যাবাইনা পার্কে টসজয়ী ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে শেষটায় আবারও শুনিয়েছে পাতাঝরার গান। ৩৯ রানে যায় প্রথম, ৭৬ রানে দ্বিতীয় উইকেট, একটা সময় ৪ উইকেটে ১৬৩ রানে পৌঁছে আশা জাগিয়েছিল বড় স্কোরেরই। সেখান থেকেই জেসন হোল্ডারের দল স্তব্ধ ৯ উইকেটে ২০৫ রানে। ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, ৩ উইকেট আরেক পেসার উমেশ যাদব। তবে মাঝের ওভারগুলোতে ক্যারিবীয় দলকে চাপে চ্যাপ্টা করেছেন স্পিনাররাই। কেদার যাদবের একটিমাত্র উইকেট সেটির যোগ্য পুরস্কার নয়। সূত্র: সনি সিক্স।