শেষ ম্যাচেও বাজিমাত ওয়ার্নের

নিউইয়র্কে জেতেননি, জেতা হয়নি হিউস্টনেও। শেন ওয়ার্নের দলের বিপক্ষে অলস্টার সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পর লস অ্যাঞ্জেলসের তৃতীয় ম্যাচটা যেকোনো মূল্যেই জিততে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু জিততে জিততেও ম্যাচটা শেষ অবধি হেরেই যেতে হল তাঁকে।
অলস্টার সিরিজের তৃতীয় ম্যাচে শেন ওয়ার্নের ওয়ার্ন ওয়ারিয়র্স পেয়েছে ৪ উইকেটের এক দারুণ জয়। শচীনস ব্লাস্টার্সের ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ২২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়ার্নের দলের যখন নড়বড়ে অবস্থা, ঠিক তখনই দস্তুর মতো জ্বলে উঠে দলকে জয়ের বন্দরে নিতে ভূমিকা রাখলেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। এই ত্রয়ীর দুর্দান্ত মারকুটে ব্যাটিংয়েই ইনিংসের শেষ তিন ওভারে খাদের কিনারা থেকে জয়ের মঞ্চে ওয়ার্নের দল (২২৪/৬, ১৯.৫)।
টসে জিতে ব্যাট করতে নেমে শচীনস ব্লাস্টার্স মন্দ করেনি। বীরেন্দর শেবাগ আর শচীন টেন্ডুলকারের উদ্বোধনী জুটি প্রথম ৪ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে তুলে দেয় ৫৫ রান। শেবাগ ১৫ বলে ২৭ রান করে প্রথম আউট হন। কিন্তু টেন্ডুলকার আজ দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন নিজের খেলোয়াড়ি জীবনেই। ২৭ বলে, ২টি চার ও ৬টি ছয়ে তিনি খেলেন ৫৬ রানের দারুণ এক ইনিংস। টেন্ডুলকার-শেবাগের দুর্দান্ত শুরুর সঙ্গে তাল মিলিয়েছেন দলের বাকি দুই ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে আর সৌরভ গাঙ্গুলিও। জয়াবর্ধনে ১৮ বলে করেন ৪১, সৌরভ ৩৭ বলে ৫০ করে দলের সংগ্রহকে পার করিয়ে দেন দুইশর কোটা।
২২০ রানের লক্ষ্যমাত্রায় শুরুটা ভালো হয়নি ওয়ার্নের দলের। মাইকেল ভন ফেরেন কোনো রান না করেই। দলীয় ৫০ রানে ফেরেন অ্যান্ড্রু সাইমন্ডস। সাইমন্ডস ১৯ বলে করেন ৩১। জন্টি রোডস এরপর ধীরগতির এক ইনিংসে দলকে বেশ বিপাকেই ফেলেছিলেন। তিনি ২৪ বলে ১৭ রান করে ফিরলে দলের বাকি ব্যাটসম্যানরা পড়ে যান চাপে। সেই চাপ অবশ্য দারুণভাবেই সামাল দিয়েছেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং এবং জ্যাক ক্যালিস। সাঙ্গার ব্যাট থেকে আসে ২১ বলে ৪২, ক্যালিস করেন ২৪ বলে ২৭। পন্টিং শেষ পর্যন্ত ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। ক্যালিস-পন্টিং মাত্র ৬.১ ওভারে ৮৮ রানের এক জুটি গড়ে অসম্ভবকে সম্ভব করেন।
ওয়ার্ন ওয়ারিয়র্সের পক্ষে বল হাতে আজ দুর্দান্ত ছিলেন ড্যানিয়েল ভেট্টরি। তিনি ৪ ওভার বল করে ৩৩ রানে তুলে নেন ৩ উইকেট। কোর্টনি ওয়ালশ ৪১ রানে নেন ১ উইকেট। ৪ ওভারে ৪৩ রান খরচ করলেও ওয়ার্ন অবশ্য ছিলেন উইকেট-শূন্য।
শচীন ব্লাস্টার্সের বোলাররা স্বাভাবিকভাবেই ছিলেন বেশ খরচে। কার্টলি অ্যামব্রোস ৩ ওভারে দিয়েছেন ১৫ রান। গ্লেন ম্যাকগ্রার খরচ ৩ ওভারে ৪৭। সৌরভ গাঙ্গুলি মাত্র এক ওভার বল করেই দেন ১৬। শেবাগ ৫ বল করেই দেন ১২ রান। দুর্দান্ত বল করেছেন গ্রায়েম সোয়ান। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। অ্যামব্রোস আর কার্ল হুপার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ২ উইকেট। সূত্র: স্টারস্পোর্টস।