শেষ ম্যাচের আশায় আজহার
বাংলাদেশই ফেবারিট—সিরিজ শুরুর আগে এটা মেনে নিয়েছিলেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসও। তাই বলে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হেরে যাবেন এটা কি ভেবেছিলেন? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠলে পাকিস্তান অধিনায়ক আজহার আলীও স্বীকার করলেন, এটা কিছুটা অপ্রত্যাশিতই ছিল, ‘অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা।’
সেই ধাক্কাটা দিতে পারায় বাংলাদেশকে যেমন কৃতিত্ব দিয়েছেন, তেমনি ব্যাখ্যা করেছেন পর পর দুই ম্যাচে নিজের দলের বাজে পারফরম্যান্সের কারণটাও, ‘আসলে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। দলটা তরুণ। আমাদের খেলোয়াড়েরা এখনো শিখছে। আশা করছি খুব শিগগির আমরা জিততে শুরু করব।’
আসলে আগে ব্যাট করে জেতার মতো রানই তুলতে পারেনি পাকিস্তান। এ উইকেটে ২৩৯ রান জয়ের জন্য যথেষ্ট ছিল বলে মনে করেন না আজহারও, ‘উইকেট খুবই ভালো ছিল। এখানে খুব সহজেই ৩০০ রান তোলা যেত। আমাদের ব্যাটসম্যানরা সেটা পারেনি। তবে আপনি যতই কম রান করুন, বিশ্বাস রাখতে হবে যে সেটা দিয়েই জেতা সম্ভব। ব্যাটিং শেষ হওয়ার পর আমাদের ভেতরে সেই আত্মবিশ্বাসটা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বোলিংটাও আজ ভালো হয়নি। আর সে জন্যই বাংলাদেশকে আরও বেশি কৃতিত্ব দিয়েছেন আজহার, ‘ওরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি বিভাগেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা যতই বলি পাকিস্তান পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে কৃতিত্বটা দিতেই হবে।’
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেলেও হাল ছাড়তে রাজি নন আজহার। শেষ ওয়ানডেটা জিততে সর্বোচ্চ চেষ্টা করতে চান পাকিস্তান অধিনায়ক, ‘আমাদের হাতে দুই দিন সময় আছে। এ দুই দিনে অনেক কিছু ঠিক করতে হবে। আশা করি পরের ম্যাচে এ ভুলগুলো শুধরে নিতে পারব।’