শেষ রোমাঞ্চের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান নিতে গিয়ে নিউজিল্যান্ডের উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের ধাক্কা লেগে মাটিতেই শুয়ে পড়লেন ডিন এলগার। ধাক্কাটা যে গুরুতর ছিল না, সেটি ওয়াটলিংয়ের হাসিই বলে দিচ্ছে। শেষ পর্যন্ত ৮৯ রানের ইনিংসও খেলেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। কাল ডানেডিনে l এএফপি
রান নিতে গিয়ে নিউজিল্যান্ডের উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের ধাক্কা লেগে মাটিতেই শুয়ে পড়লেন ডিন এলগার। ধাক্কাটা যে গুরুতর ছিল না, সেটি ওয়াটলিংয়ের হাসিই বলে দিচ্ছে। শেষ পর্যন্ত ৮৯ রানের ইনিংসও খেলেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। কাল ডানেডিনে l এএফপি

কালো আকাশ আর বৃষ্টিটাই বাধিয়েছে ঝামেলা। না হলে চতুর্থ দিনটা যেভাবে শেষ হলো, তাতে ডানেডিনে আজ মাঠে পপকর্ন নিয়েও যেতে পারেন দর্শকেরা। টান টান উত্তেজনায় পূর্ণ একটা সমাপ্তির ইঙ্গিত যে পাওয়া যাচ্ছিল কাল। ৬ উইকেটে ২২৪ রান করে ১৯১ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচটা যে এভাবে জমে যাবে, সেটা বোঝা যায়নি শেষ সেশনের শুরুতেও। ডিন এলগারকে যে আউটই করতে পারছিল না নিউজিল্যান্ড। কখনো ক্যাচ পড়ছে, কখনো ব্যাট ছুঁয়ে বলটা আসি আসি করেও হাতে আসেনি, আবার কখনো আউট করেও দেখতে হয়েছে রিভিউ নিয়ে কীভাবে বেঁচে যাচ্ছেন প্রোটিয়া ওপেনার! এলগার আউট হলেন ২৪৯তম বলে, এর আগে করেছেন ৮৯ রান। ইনিংসটা সময়ের চেয়েও বলের সংখ্যায় গুরুত্ব বেশি পাচ্ছে। দুই ইনিংস মিলিয়ে ৫৪৮ বল খেলেছেন, যা নিউজিল্যান্ডের মাটিতে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড।
শেষ বিকেলে ২৫ রানে ৩ উইকেট তুলে নেওয়াতেই ম্যাচ জেতার আশা করছে নিউজিল্যান্ড। তবে কাজটা বড্ড কঠিন হবে। দুই দলই যে গতিতে রান করেছে এ টেস্টে তাতে শেষ দিনে দুই শ তাড়া করে জেতাটা কঠিন হবে। এমনিতেই নিউজিল্যান্ডের মাঠে গত ১৯ বছরে সবচেয়ে ধীরগতিতে রান তোলার রেকর্ড হয়ে গেছে। আজ এ উইকেটে ম্যাচ জিততে অলৌকিক কিছুই করতে হবে স্বাগতিক দলকে।
এর আগে অবশ্য আউট করতে হবে ফাফ ডু প্লেসিকে। প্রোটিয়া অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৯ রানে। জমজমাট এক সমাপ্তির নিশ্চয়তা, কিন্তু বৃষ্টি কি সে সুযোগ দেবে? সূত্র: এএফপি।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩০৮ ও ১০২ ওভারে ২২৪/৬ (এলগার ৮৯, ডু প্লেসি ৫৬*, ডুমিনি ৩৯; ওয়াগনার ২/৫৭, প্যাটেল ২/৭২)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪১ (উইলিয়ামসন ১৩০, রাভাল ৫২; মহারাজ ৫/৯৪, মরকেল ২/৬২)।