শেষ লেখা হয়ে গেল তাঁদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়াটসন
শেন ওয়াটসন

কার্ডিফের দুই ইনিংসেই এলবিডব্লু। হতেই পারে। এ আর বলার মতো কী! অথচ এটাই তুমুল আলোচনার বিষয়, কারণ ব্যাটসম্যানের নাম শেন ওয়াটসন। দুই ইনিংসেই এলবিডব্লু হলেন পঞ্চমবারের মতো। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে যে ১০৬ বার আউট হয়েছেন, তার ২৯ বারই এলবিডব্লু। গত ১০ বছরে আর কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তাঁর চেয়ে বেশি এলবিডব্লু হননি। কমপক্ষে ১০০ ইনিংস খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যেই শতকরা হিসাবে সবচেয়ে বেশি এলবিডব্লুতে কাটা পড়েছেন ওয়াটসন।
এবার অন্য এক অস্ট্রেলিয়ানের কথা। উইকেটের পেছনে তাঁর গ্লাভস থেকে যখন জো রুটের ক্যাচটা পড়ে, তখনো কোনো রান করেননি ইংলিশ ব্যাটসম্যান। সেই রুটই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন, হলেন ম্যাচসেরাও। উইকেটকিপারের হাত থেকে ক্যাচ পড়তেই পারে, জীবন পাওয়া ব্যাটসম্যানও রান করে ম্যাচ জেতাতে পারেন। অস্বাভাবিক কিছু নয়। তবু কেন এ নিয়ে এত আলোচনা? কারণ সেই উইকেটকিপার ব্র্যাড হাডিনের বয়স ৩৮ ছুঁই-ছুঁই!
ভুলগুলো চাপা পড়ে যেত, যদি ব্যাট হাতে রান করতে পারতেন। দুজন সেখানেও ব্যর্থ। দুই ইনিংসে ৩০ ও ১৯ রান ৩৪ বছর বয়সী ওয়াটসনের। হাডিনের ২২ ও ৭। ব্যর্থতা শুধু কার্ডিফে নয়। সর্বশেষ ১৬ ইনিংসে মাত্র দুটি ফিফটি ওয়াটসনের। টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৩ সালের ডিসেম্বরে। হাডিনের ফর্ম আরও বাজে। টেস্টের সর্বশেষ ২২ ইনিংসে মাত্র একটি ফিফটি। ওয়াটসনের মতো তাঁরও সর্বশেষ সেঞ্চুরিটা ২০১৩ সালের ডিসেম্বরে।
কার্ডিফে অ্যাশেজের প্রথম টেস্টটা হারার পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমও তাই কাঠগড়ায় তুলে দিয়েছিল দুই ‘বুড়ো’কে। পরের টেস্টে দুজনের কেউই থাকছেন না, এমন গুঞ্জনও উঠেছিল। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। দুজনের না-থাকাটা অবশ্য দুই কারণে। ওয়াটসন যে ‘এলবিডব্লু রোগ’-এর কারণে বাদ গেছেন, এতে সন্দেহ সামান্যই। হাডিনের ব্যাপারে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণ দেখিয়ে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।

ব্র্যাড হাডিন
ব্র্যাড হাডিন

ক্রিকেটের আগে পরিবার এর আগেও প্রাধান্য পেয়েছে হাডিনের ক্যারিয়ারে। ২০১২ সালে ১৭ মাস বয়সী কন্যার ক্যানসার ধরা পড়ার পর বছর খানেক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। অদ্ভুত যে, এবার বিরতি নিলেও দলের সঙ্গেই থাকছেন। লর্ডস টেস্টে হাডিনের জায়গা নিচ্ছেন নিউ সাউথ ওয়েলস দলে তাঁর ডেপুটি পিটার নেভিল।
হাডিন আবার ফিরতে পারবেন কি না, এ নিয়েও প্রশ্ন আছে। তবে ওয়াটসনকে নিয়ে প্রশ্নটা আরও বড়। তাঁর ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলছেন অনেকে। স্কাই স্পোর্টসে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ তো বলেই দিয়েছেন, ‘এই বয়সের একজন খেলোয়াড়...যে দলের হয়ে এত দিন ধরে খেলছে, তার ক্ষেত্রে যখন আপনি এমন সিদ্ধান্ত নেবেন, তখন বোঝা যায় এটাই চূড়ান্ত। ওর হয়তো ফেরার কোনো পথ রইল না।’ যদিও এই দুঃসময়ে ওয়াটসন পাশে পাচ্ছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে, ‘প্রতিবার অস্ট্রেলিয়া হারলেই ওয়াটসনকে সব দায় নিতে হয়। কী অদ্ভুত, এবারও সেটার ব্যতিক্রম নয়!’ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের পক্ষে আবারও দলে ফেরা সম্ভব বলেও মনে করেন কেপি, ‘এ ব্যাপারটাকে এত বড় করে তোলার কিছু নেই। ওর শুধু এলবিডব্লু হওয়া বন্ধ করতে হবে আর বড় রান করতে হবে।’ এএফপি, রয়টার্স।