শেষ লড়াইয়েও হার কানেরিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পট ফিক্সিংয়ের অভিযোগে ইসিবির দেওয়া আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকবারই আদালতে গেছেন দানিশ কানেরিয়া। নিজেকে নির্দোষ প্রমাণের আশায় শেষ ভরসা হিসেবে কানেরিয়া আপিল করেছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ আদালত কোর্ট অব আপিলে। কিন্তু ইংল্যান্ডে শেষ এই আইনি লড়াইয়েও হেরে গেলেন পাকিস্তানি লেগ স্পিনার। বরাবরের মতো তাঁর এই আবেদনটিও প্রত্যাখ্যান করে দিয়েছেন আদালত।
আবেদনটি যথাযথ নয় জানিয়ে কোর্ট অব আপিলের বিচারক স্ট্যানলি বার্টন জানিয়ে দিয়েছেন, কানেরিয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মৌখিক শুনানির অনুরোধও করতে পারবেন না। আদালতের রায়কে স্বাগত জানিয়ে ইসিবির চেয়ারম্যান জাইলস ক্লার্ক আবারও কানেরিয়াকে তাড়না দিয়েছেন দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। ৩৩ বছর বয়সী কানেরিয়া কি এখন সে পথেই হাঁটবেন? এএফপি।