পিচে সবুজের আচ্ছাদন। আর চিরাচরিত কিউই কন্ডিশন। হ্যামিল্টনের সেডন পার্কের এমন উইকেটে টিকে থাকার লড়াই করবে লঙ্কান ব্যাটসম্যানরা—এটাই অনুমেয়। কিন্তু প্রথম দুই সেশনে উল্টো ভেলকি দেখাল লঙ্কানরা। আক্রমণাত্মক ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে দুই সেশনে তুলল ১৯৮ রান। বৃষ্টির কারণে ২৩ ওভার আগেই শেষ হওয়া শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে অবশ্য ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। দিন শেষে স্কোরবোর্ডে শ্রীলঙ্কা ২৬৪/৭। তিন শ ছাড়ানো স্কোরের আশা জিইয়ে রেখে উইকেটে টিকে আছেন সফরকারীদের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
উইকেট, আর কন্ডিশনের সুবিধা নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপকে অল্প রানেই গুঁড়িয়ে দিতে চার পেসার নামিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু পিচ থেকে বাড়তি কিছু আদায়ে ব্যর্থ পেসাররা। অবশ্য খুব সতর্কতার সঙ্গে শুরু করেছিলেন দুই ওপেনার দিমুখ করুনারত্নে ও কুশল মেন্ডিস। প্রথম ৫ ওভারে ৪ রান তোলেন তাঁরা। এর পর থেকেই সফরকারী ব্যাটসম্যানদের ‘আক্রমণই ভালো রক্ষাকবচ’ মন্ত্রে উজ্জীবিত হওয়া। পরের ৫ ওভারে আসে ২১ রান। তার পরের ১০ ওভারে ৪৫!
অবশ্য উদ্বোধনী জুটিটির শেষ ৩৯ রানেই। ইনিংসের ১৪ ওভারে তাঁকে ফিরিয়ে দেওয়া সাউদি নিজের পরের ওভারেই আউট করেন মেন্ডিসকেও। ৪৪ রানে ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে জয়াসুন্দরা ও দিনেশ চান্ডিমালের ৭১ রানের জুটি। যতক্ষণ উইকেটে ছিলেন ওয়ানডে মেজাজেই খেলেছেন চান্ডিমাল। ব্রেসওয়েলের বলে উইকেটকিপারের গ্লাভসবন্দী হওয়ার আগে ৫৬ বলে ৪৭ করেন চান্ডিমাল। মাত্র ৩ ওভারের ব্যবধানে এই জুটিকে হারিয়ে আবার বিপদে পড়ে সফরকারীরা। ত্রাতা হিসেবে আবির্ভূত হন অ্যাঞ্জেলো ম্যাথুস ও মিলিন্ডা সিরিবর্ধনা। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা করেন ১৩৮ রান। যা নিউজিল্যান্ডের বিপক্ষে এই উইকেট জুটিতে লঙ্কানদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৩৩ রান, ২০০৩ সালে করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও হাশান তিলকারত্নে। ম্যাথুস-সিরিবর্ধনা দুজনই ৩টি করে ছক্কা মেরেছেন; শ্রীলঙ্কার একই ইনিংস দুই ব্যটসম্যানের ত িনটি কিংবা তার চেয়ে বেশি ছক্কা মারার ঘটনা এটাই প্রথম।
৪ উইকেটে ১৯৮ রান নিয়ে চা-বিরতিতে যাওয়ার আগে ভালো একটা অবস্থানই করে নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ সেশনে জোরালোভাবে ফিরে আসে নিউজিল্যান্ড। বোল্টের বলে স্লিপে রস টেলরের তালুবন্দী হওয়ার আগে সিরিবর্ধনা করেছেন ৬২ রান। ম্যাথুস ৬৩ রানে অপরাজিত থাকলেও সিরিবর্ধনাকে ধরে মাত্র ৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম সেশনে ২ উইকেটও তারা হারিয়েছিল ৫ রানের ব্যবধানে। দ্বিতীয় সেশনের ২ উইকেট পড়েছে অবশ্য ছয় রানের ব্যবধানে!
হ্যামিল্টনে এদিন টস করতে নেমেই একটি রেকর্ড গড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেকের পর টানা সবচেয়ে বেশি ৯৯টি টেস্ট খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন কিউই অধিনায়ক। এএফপি, রয়টার্স।