শেষ ১০ ওভারই আশা দেখাচ্ছে ভারতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু বল প্রায় গড়িয়ে যাচ্ছে, কিছু আবার হঠাৎ​ ফুঁসে ওঠা সাপের ফণাও তুলছে! ছবি: এএফপি
কিছু বল প্রায় গড়িয়ে যাচ্ছে, কিছু আবার হঠাৎ​ ফুঁসে ওঠা সাপের ফণাও তুলছে! ছবি: এএফপি

দশ-কুড়ি ওভার হলেও কথা ছিল। ৩০ বা ৪০-ও নয়। ঝাড়া ৫০টি ওভার নির্বিঘ্নে যখন পার করে দিল ইংল্যান্ড; চতুর্থ দিনের উইকেটের দিকে বিরাট কোহলি অবিশ্বাস্য চোখে তাকাতেই পারেন। কিন্তু কোহলির সেই উদ্বিগ্ন চোখে দ্রুতই স্বস্তি ফিরল। ৫০ ওভারের বাঁধ তোলা দুই ইংলিশ ওপেনারই ফিরে এসেছেন সাজঘরে। বিশাখাপট্টনম টেস্টের পঞ্চম দিনটা ভারতকে তাই আশাই দেখাচ্ছে।

আশা দেখাচ্ছে আসলে চতুর্থ দিনের শেষ ১০ ওভার। বিনা উইকেটে ৫০ ওভার পার করে দেওয়া ইংল্যান্ড ৫১তম ওভারে এসে হারাল হাসিব হামিদকে। ১৪৪ বল খেলে ২৫ রান করে নিজের ‘বয়কট’ নামটিকে আরও মজবুত ভিত্তি দিয়েছেন এই তরুণ। দিনের একেবারে শেষ ওভারে ১৮৮ বল খেলে ৫৪ করা অ্যালিস্টার কুকও ফিরলেন। আগামীকাল আরও ৯০ ওভারের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। অশ্বিন ও জাদেজা দুজনই একটি করে উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রস্তুত তাঁরাও। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের চাই ৩১৮ রান, ভারতের ৮ উইকেট।
এর আগে ৯৩ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা ভারত আজ লাঞ্চের আগেই অল আউট হয়েছে ২০৪ রান করে। প্রথম ইনিংসে দুর্দান্ত শতক হাঁকানো কোহলি ৮১ রান করে ফিরেছেন। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রানের জোগান দিয়েছেন দশে নামা উমেশ যাদব। চারটি করে উইকেট নিয়েছেন ব্রড ও রশিদ।
প্রথম ইনিংসে পাওয়া ভারতের ২০০ রানের লিড ইংল্যান্ডের সামনে ৪০৫ রানের কঠিনতম এক লক্ষ্য দাঁড় করিয়ে দেয়। সেই এভারেস্টে চড়ার কোনো চেষ্টাই করেনি ইংল্যান্ড। বরং নিজেদের পরিকল্পনা প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছিল রক্ষণাত্মক খেলে। ৫০ ওভারে ৭৫ রান। উইকেট পড়েনি একটিও! এর মধ্যে হতাশ ভারত হারিয়েছে দুটি রিভিউও!
কিন্তু কোহলি জানতেন, জায়গামতো একটি আসল টোকা দরকার। প্রথমে সেটিই দিলেন অশ্বিন। ১৭.৩৬ স্ট্রাইক রেটে ব্যাট করা হামিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন। রিভিউ নেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করল না ইংল্যান্ড। ঠিক ৯ ওভার পর প্রায় একইভাবে জাদেজার শিকার হলেন কুক। পার্থক্য হলো, তিনি রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
ইংল্যান্ডের মিডল অর্ডার পারবে শেষ দিনে প্রতিরোধ গড়তে? নাকি ইংল্যান্ডের বিপক্ষে ২২তম টেস্ট জয়ের প্রস্তুতি নিয়ে রাখবে ভারত? উইকেটে কিছু বল প্রায় গড়িয়ে যাচ্ছে, কিছু আবার হঠাৎ​ ফুঁসে ওঠা সাপের ফণাও তুলছে। এর সঙ্গে ঘূর্ণি তো আছেই। ইংল্যান্ডের জন্য শেষ দিনটা তাই কঠিন এক পরীক্ষার মঞ্চই সাজিয়ে রেখেছে।