শেষই দেখছিলেন রজার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস রজার্স
ক্রিস রজার্স

এবারের অ্যাশেজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন বলে ঘোষণা দিয়ে রেখেছিলেন। কিন্তু শঙ্কা জেগেছিল ক্রিস রজার্সের সেই ইচ্ছেটা পূরণ না হওয়ার! লর্ডস টেস্টের চতুর্থ দিন অসুস্থ বোধ করে মাঠ ছাড়ার পর অস্ট্রেলীয় ওপেনারের তো মনেই হয়েছিল, ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে গেছে তাঁর!
লর্ডসে সেদিন দ্বিতীয় ওভারেই নন-স্ট্রাইকিং প্রান্তে আচমকা হাঁটু গেড়ে বসে পড়েন রজার্স। ওপেনিং জুটির সঙ্গী ডেভিড ওয়ার্নারকে বিস্মিত করে অস্ফুটে বলে ওঠেন, ‘গ্র্যান্ড স্ট্যান্ডটা দুলছে।’ হতবাক ওয়ার্নার জবাব দেন, ‘কই, না তো!’ সংবাদমাধ্যমকে তখনকার অনুভূতি জানাতে গিয়ে রজার্স যা বলেছেন, সেটাও কম বিস্ময়কর নয়, ‘খুবই অদ্ভুত লাগছিল তখন। মনে হচ্ছিল লর্ডসের প্যাভিলিয়নটা বাঁ থেকে ডানে অনবরত দুলছে। আমার চোখজোড়া যেন অবিরাম লাফাচ্ছিল।’ সে অবস্থায় ব্যাট করার প্রশ্নই আসে না। নামের পাশে ‘আহত অবসর’ লিখিয়ে মাঠ থেকে বিদায় নিলেন। মাঝের কয়েকটা দিন ভীষণ উদ্বেগেই কাটিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান, ‘এমনটা আমার কখনো হয়নি। স্বীকার করছি, প্রথম কয়েক দিন মনে হচ্ছিল, খুবই খারাপ কিছু হয়েছে।’
ধারণা করা হয়েছিল, টেস্টের দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের বাউন্সার হেলমেটে লাগার প্রতিক্রিয়াতেই চতুর্থ দিন অসুস্থ বোধ করেন ক্রিস রজার্স। মাথায় বল লাগার ঘটনা অবশ্য এবারই প্রথম নয় অস্ট্রেলীয় ওপেনারের জন্য। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুশীলনের সময় বাউন্সার মাথায় লাগায় পরে তিন টেস্টের সিরিজে আর খেলতেই পারেননি। লর্ডসে সেদিনের ঘটনার পরও রজার্স বেশ কয়েকটা দিন খুব দুশ্চিন্তায় কাটিয়েছেন। বললেন, ‘যদি আঘাতের জন্য এমনটা হতো, তাহলে নিশ্চিত ধরে নিতাম আমার ক্যারিয়ার এখানেই শেষ।’
অবশ্য লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রজার্সের অসুস্থতার সঙ্গে অ্যান্ডারসনের বাউন্সারের কোনো সম্পর্ক খুঁজে পাননি। তাঁদের মতে, কানের ভেতরের ভারসাম্যের সমস্যার কারণেই রজার্স অসুস্থ বোধ করছিলেন। গুরুতর কোনো সমস্যা না থাকায় হাঁপ ছেড়ে বেঁচেছেন রজার্সও, ‘সবকিছু পরীক্ষা করানোর পর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানোর পর তাঁরা জানিয়েছেন, গুরুতর কিছু আমার হয়নি।’
দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন গত শুক্রবারই। আজ থেকে শুরু এজবাস্টন টেস্টেও রজার্স খেলবেন বলেই মনে হচ্ছে। দুদিন আগেই অবশ্য ইংলিশ পেসার মার্ক উড ‘হুমকি’ দিয়েছেন, রজার্স খেললে তাঁকে ইংলিশ পেসাররা বাউন্সার দিতে দ্বিধা করবেন না। অস্ট্রেলিয়ান ওপেনার সেই চ্যালেঞ্জটা নিচ্ছেন সানন্দেই, ‘খুব ভালো করেই জানি, ওরা কোনো ছাড় দেবে না। ব্যাটিং ওপেন করতে নামলে এসব তো জানা কথাই।’ গার্ডিয়ান, এএফপি।