শেষই হলো চন্দরপল-অধ্যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাওয়াটা খুব বেশি ছিল না শিবনারায়ণ চন্দরপলের। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ। সম্মানজনক বিদায়। যেটি সুপারিশ করেছিলেন এমনকি ব্রায়ান লারাও। কিন্তু চন্দরপলের অনুরোধটা রাখল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য কাল দল ঘোষণা করেছে ডব্লুআইসিবি। ১৪ জনের দলে নেই চন্দরপল! ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে চন্দরপল-অধ্যায় বোধ হয় শেষই হয়ে গেল। যে অধ্যায়ের শুরু ১৯৯৪ সালে, জর্জটাউন টেস্টে।
টেস্ট দলে থাকছেন না এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল চার দিন আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডমিনিকায় প্রথম টেস্টের জন্য যে ১২ জনকে অনুশীলনের জন্য ডাকা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন না চন্দরপল। খবরটা শুনেই ব্যথিত চন্দরপল সখেদে গায়ানার স্থানীয় এক সংবাদপত্রকে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আমার শেষ করতে চাওয়াটা এমন বেশি কিছু ছিল না। দেশের মাটিতে আমার সমর্থকদের ধন্যবাদ দিতে পারতাম...আমাকে অবসরের দিকে ফেলে দেওয়াটা ঠিক হয়নি।’ আর মাত্র ৮৭ রান করলেই চন্দরপল ছুঁয়ে ফেলতেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড, যেটি অনেক দিন ধরেই ব্রায়ান লারার। সেই লারাও কিন্তু অনুরোধ করেছিলেন, একটা বিদায়ী টেস্ট সিরিজ খেলার সুযোগ দিয়ে চন্দরপলকে সম্মান জানানোর। কিন্তু কিছুতেই কাজ হলো না। সর্বশেষ দুটি সিরিজে ১০ ইনিংসে ফিফটি ১টি, গড় মাত্র ১৬.৬৩। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন টেস্টে ১৫.৩৩ গড়ে ৯২ রান। এরপর আর চন্দরপলকে দলে রাখার যৌক্তিকতা খুঁজে পায়নি ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটি।
১৪ জনের দলে ১২ জনই ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে আগের সিরিজটিতেই। বাকি দুজনের একজন সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোড়া হাফ সেঞ্চুরি করা শেন ডাওরিচ। গত দুই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০.১৮ গড়ে রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন বারবাডোজের এই ২৩ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। অভিষেকের অপেক্ষায় আছেন ওপেনার রাজিন্দ্র চন্দ্রিকাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। চলতি বছরে ঘরোয়া ক্রিকেটের চার দিনের ম্যাচে তাঁর চারটি হাফ সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী বুধবার ডমিনিকায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জ্যামাইকায়, ১১ জুন থেকে। এএফপি।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেগ ব্রাফেট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, ভিরাসামি পেরমল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেলর।