শেষই হয়ে গেল ওয়াটসনের?
গত সেপ্টেম্বরে অ্যাশেজের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ইচ্ছে ছিল, সীমিত ওভারের ক্যারিয়ারেই পুরো মনোযোগ দেবেন। সেই ইচ্ছাপূরণের পথে একটা বড় ধাক্কাই খেলেন শেন ওয়াটসন। ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলেই জায়গা পাননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার!
দেশের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে ২৭৯ রান, বল হাতে মাত্র ৪ উইকেট! ফর্মে ফেরার জন্য বিগ ব্যাশকে বেছে নিয়েছিলেন, কিন্তু সিডনি থান্ডারের হয়ে সেখানেও ব্যর্থ ওয়াটসন। ৫ ম্যাচে ১৫.২৫ গড়ে ৭৬ রান, যার মধ্যে আবার এক ম্যাচেই করেছেন ৪৬। বল হাতে ৫ ম্যাচে ৫ উইকেট। বাজে এই ফর্মের কারণেই হয়তো ভারতের বিপক্ষে সিরিজের ১৩ জনের দলে জায়গা হয়নি তাঁর। আর এতে ৩৪ বছর বয়সী ওয়াটসনের ওয়ানডে ক্যারিয়ারের শেষও দেখছেন অনেকে।
ওয়াটসনের মতোই ওয়ানডে দলে উপেক্ষিত রয়ে গেছেন স্পিনার নাথান লায়ন। তবে চোটের কারণে দলের বাইরে থাকা মিচেল স্টার্ক ও পিটার সিডলের জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ দুই পেসার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ড।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১২ জানুয়ারি পার্থে। সিডনিতে শেষ ওয়ানডেটি হবে ২৩ জানুয়ারি। এএফপি।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, জশ হ্যাজলউড, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, জোয়েল প্যারিস, ম্যাথু ওয়েড।