শেষটা থাকুক আগামীজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

ছোট ছোট ভুল সমাধি দিল বড় স্বপ্নের। আশার বেলুন উড়তে উড়তে ফুটো হয়ে ঝরে পড়ল নিচে। নইলে ২০১৪ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য হতে পারত সাফল্যের পাপড়িতে সাজানো। তবে নতুন বছরে এই আক্ষেপ আর বয়ে বেড়াতে রাজি নন ক্রিকেটাররা। নতুন বছর হবে নতুন স্বপ্নে মোড়ানো, সাফল্যে রাঙানো।
২০১৫ সালে কী চান—প্রশ্নটা করলে সব ক্রিকেটার ২০১৫ সালে কী চান না, সেটাই আগে বললেন। সবার এক কথা, ‘আগের বছরের ভুলগুলো করতে চাই না।’ তামিম ইকবালকে দিয়েই শুরু করা যাক। কাল মেলবোর্ন থেকে মুঠোফোনে বলছিলেন, ‘২০১৪ সালটা আমাদের জন্য আরও অনেক ভালো যেতে পারত। কিন্তু খেয়াল করলে দেখবেন, ৫ শতাংশ বা ১০ শতাংশ ভুলের জন্য এ বছর আমরা অনেক বড় বড় সাফল্য হাতছাড়া করেছি। দল হিসেবে আগে আমাদের লক্ষ্য হওয়া উচিত এই ভুলগুলো এড়ানো।’
বিশ্বকাপের পর এ বছর পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। সবাই বড় প্রতিপক্ষ, তবে আগের বছরের ভুলের পুনরাবৃত্তি না ঘটলে এদের বিপক্ষেও সাফল্য আসতে পারে বলে মনে করেন তামিম, ‘এ বছর আমাদের সব খেলা বড় বড় দলের বিপক্ষে। তবে আগের ভুলগুলো না করলে তাদের বিপক্ষে জেতা অসম্ভব কিছু নয়। আর এই দলগুলোর বিপক্ষে সাফল্য পেলে বিশ্ব ক্রিকেটে আমাদের রেটিং বা র্যাঙ্কিং অনেক এগিয়ে যাবে।’ বিশ্বকাপে একটা ব্যক্তিগত লক্ষ্যও আছে তামিমের, ‘বিশ্বকাপে এখনো বাংলাদেশের কারও সেঞ্চুরি নেই, এটা দেখতে খারাপ দেখায়। আমি বিশ্বকাপে সেঞ্চুরি করতে চাই। আমি যদি নাও পারি, চাই আমাদের মধ্য থেকে কেউ একটা সেঞ্চুরি করুক।’
মাশরাফি বিন মুর্তজার দৃষ্টিতে ২০১৫ সাল হবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বছর, ‘এই বছরটা অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। বিশ্বকাপে যদি ভালো কিছু করতে পারি সে আত্মবিশ্বাস সারা বছরই কাজে লাগবে। কিন্তু যদি না খারাপ কিছু হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে। কারণ এরপর আমাদের বড় বড় সিরিজ।’ তবে ভালো কিছুর জন্য ভালো খেলার সঙ্গে আরও একটা জিনিস চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘২০১৪ সাল খারাপ যাওয়ার অন্যতম কারণ ভাগ্য আমাদের সহায় ছিল না। ২০১৫ সালে ভাগ্যটাকেও পাশে চাই।’ আর ব্যক্তিগত লক্ষ্য? নতুন বছর বলুন আর নতুন সিরিজ, মাশরাফির জন্য সব সময় তা একই থাকে, ‘আমার লক্ষ্য সব সময় একই থাকে—দলের হয়ে ভালো খেলা। দলের জন্য কিছু করা।’

তামিম ইকবাল
তামিম ইকবাল

জিম্বাবুয়ে সিরিজে দলের বাইরে থাকা নাসির হোসেনের নতুন বছরের প্রথম লক্ষ্য জাতীয় দলে ফেরা। সেটা শেষ পর্যন্ত হোক বা না হোক, ২০১৫ সালে বাংলাদেশ দলের জন্য তাঁর শুভকামনা, ‘হারজিত পরে, এ বছর যেন অন্তত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা। জিম্বাবুয়ের বিপক্ষে দল যে রকম খেলেছে, সেই ধারাবাহিকতা যেন শুরু থেকে থাকে। তাহলে সাফল্য আসবেই।’
মুমিনুল হকও চান গত বছরের শেষ দৃশ্যগুলো যেন আরও বড় হয়ে ফুটে ওঠে নতুন বছরে, ‘২০১৪ সালটা খারাপ কাটলেও বছরের শেষ দিকে এসে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ভালো খেলেছি। ২০১৫ সালের শুরুতেই বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ থেকেই আমাদের সেই ভালোর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ নতুন বছরের সিরিজগুলো বড় বড় প্রতিপক্ষের সঙ্গে হলেও সেগুলোয় বাংলাদেশ দলের ভালো খেলারই সম্ভাবনা দেখছেন মুমিনুল, ‘প্রতিপক্ষ বড় বড় হলেও এ বছর সব সিরিজই আমরা খেলব দেশের মাটিতে। এটা আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা চেষ্টা করব দেশের মাটির টেস্ট সিরিজগুলোয় তাদের ওপর প্রভাব বিস্তার করতে এবং সেটা অসম্ভবও নয়।’
ব্যর্থতার বছর হলেও ২০১৪ সালের প্রাপ্তির খাতায় তাইজুল ইসলামের নামটা থাকবে ভালোভাবেই। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সবাইকে চমকে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। নতুন বছরে তাঁর লক্ষ্য দলকে আরও ভালো কিছু দেওয়া, ভালো কিছু চান দলের কাছ থেকেও, ‘২০১৪ সালের শেষ দিকে আমাদের মধ্যে টিম স্পিরিটটা ফিরে এসেছে। এটা ধরে রাখতে পারলে নতুন বছরেও সাফল্য আসবে।’
প্রতিটি নতুন বছরই আসে আশার ভেলায় চড়ে। কিন্তু সে আশা এবার প্রাপ্তির সৌধ গড়বে নাকি অপ্রাপ্তির সমাধি, তা জানতে অপেক্ষা করুন বছর শেষ হওয়া পর্যন্ত।