শেষটা হলো সবচেয়ে বাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয়ের স্মারক হাতে উল্লাস দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারদের। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজটা ৪-১ ব্যবধানে জিতেছে দলটি। কাল কক্সবাজারে l ছবি: সৌজন্য
সিরিজ জয়ের স্মারক হাতে উল্লাস দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারদের। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজটা ৪-১ ব্যবধানে জিতেছে দলটি। কাল কক্সবাজারে l ছবি: সৌজন্য

চতুর্থ ম্যাচ শেষেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েদের সিরিজ হার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের পঞ্চম ওয়ানডেটা তাই হয়ে দাঁড়ায় শুধুই আনুষ্ঠানিকতা। কাল কক্সবাজারে সেই আনুষ্ঠানিকতার ম্যাচেই সবচেয়ে বাজেভাবে হারল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশকে মাত্র ৬৮ রানে অলআউট করে ২৪০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়। প্রোটিয়া মেয়েরা ওয়ালটন ওয়ানডে সিরিজ জিতে নিল ৪-১-এ।
টস জিতে ব্যাটিং নিয়ে ৫০ রানেই নেই ৯ উইকেট। বাংলাদেশকে কাল চোখ রাঙাছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড। ২০১২ সালে মিরপুরে এই দক্ষিণ আফ্রিকার কাছেই ৬০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ উইকেটে ১৮ রান যোগ করে সেই লজ্জা থেকে বাঁচিয়েছেন পান্না ঘোষ (৮*) ও খাদিজাতুল কুবরা (৭)। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসে সর্বোচ্চ ইনিংসটা অবশ্য খেলেছেন ওপেনার শারমিন সুলতানা (১৩)। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু নিগার সুলতানা (১০)। ১০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার মিডিয়াম বোলার ওডিন কারস্টেন।
৬৯ রানের ছোট লক্ষ্যটা মাত্র ১০ ওভারেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার লিজেল লি মাত্র ১৯ বলেই ৭ চারে করেন ৩৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩৬.৩ ওভারে ৬৮ (শারমিন সুলতানা ১৩, নিগার ১০, রুমানা ৯, পান্না ৮*, খাদিজা ৭; কারস্টেন ৪/১০, লেতসোয়ালো ৩/১৩)। দক্ষিণ আফ্রিকা: ১০ ওভারে ৬৯/২ (লি ৩৭, ট্রয়ন ১৩*, স্টেইন ৯, ডু প্রিজ ৯*; রুমানা ১/১৩, সালমা ১/১৯)। ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: ওডিন কারস্টেন। প্লেয়ার অব দ্য সিরিজ: লিজেল লি।