শেষটা হলো জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেভিল মাদজিভার ছবিটা দিয়ে পোস্টার হতে পারে। ছবির ক্যাপশন, ‘ফিরে এল জিম্বাবুয়ে।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল রাতটা জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য সত্যিই ফিরে আসার রাত হলো কি না, এখনই তা বলার উপায় নেই। তবে আহত সিংহ বেঁচে থাকার চেষ্টায় কতটা খ্যাপাটে হয়ে উঠতে পারে, সেটা দেখিয়ে দিলেন ওই মাদজিভাই। দুই বলে ছয় দরকার ছিল জেতার জন্য। নাসির হোসেনকে শেষ বলটা আর করতে হলো না। নির্বিষ পঞ্চম বলটাকে তাঁর মাথার ওপর দিয়ে ছক্কা বানিয়ে ফেললেন মাদজিভা। রাতের আকাশে হারিয়ে গিয়ে সে বল মাঠের বাইরে আছড়ে পড়ার আগেই শূন্যে লাফিয়ে উঠলেন ২৪ বছর বয়সী তরুণ। ক্যামেরার লেন্স তখন শুধু তাঁকেই খুঁজছে। পরবর্তী দৃশ্যগুলোতে ধরা পড়ল মাদজিভার বুনো উদ্যাপনের আরও খণ্ডচিত্র। শূন্যে কয়েকটা ঘুষি হাঁকিয়ে দৌড়ে গেলেন স্টাম্প তুলতে। বুকে আছড়ে পড়লেন মাঠে ছুটে আসা সতীর্থদের।
পরাজয়ের দীর্ঘ শেকল ছিন্ন করার আনন্দ এমন বাঁধনহারাই হয়। তবে শেষ দৃশ্যে জিম্বাবুয়ের এই মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশ দলের সিরিজময় করে যাওয়া আফসোসটাকেই আরও বড় করে তুলল। টানা জয়ের মধ্যেও প্রতি ম্যাচের পরই ব্যাটিং নিয়ে আফসোস করে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কাল সেই ব্যাটিংই সিরিজে অজেয় থাকতে দিল না তাঁর দলকে। প্রতিপক্ষ যে-ই হোক, ১৩৫ রান নিশ্চিন্তে জয়ের দিকে এগিয়ে যাওয়ার মতো স্কোর কখনোই নয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জেতার রেকর্ডও তো ১৪৬।
একটা সময়ে অবশ্য মনে হচ্ছিল ৫-০-এর গৌরব নিয়ে সিরিজ শেষ করতে এই রান যথেষ্ট। ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে আরেকটি হারের দিকেই এগোচ্ছিল তখন। ব্যাটসম্যানদের জন্য আবারও দুর্বোধ্য হয়ে উঠছিল মুস্তাফিজুর রহমানের কাটারগুলো। উইকেট শুধু রেজিস চাকাভারটা পেলেও প্রথম ৩ ওভারে রান দিলেন মাত্র ৬। আল আমিনের বৈচিত্র্যময় বলগুলোও জিম্বাবুয়ের পথ আগলে দাঁড়াচ্ছিল বারবার। ২০ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিংই করে ফেললেন কাল এই পেসার।
কিন্তু ২০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর মোড় আসতে পারে যেকোনো মুহূর্তে। কাল যেমন ষষ্ঠ উইকেটে লুক জঙ্গুয়ে-ম্যালকম ওয়ালারের ৫৫ রানের জুটি ম্যাচে সাম্যাবস্থা ফিরিয়ে আনল। ইনিংসের ১৬তম ওভারে জঙ্গুয়ের আউটে ভেঙেছে জুটি। ২৭ বলে তখনো ৪২ রান দরকার, জিম্বাবুয়েকে সাহস জোগাতে তখনো উইকেটে আগের ম্যাচে মাত্র ২০ বলে ফিফটি করা ওয়ালার। শেষ ৩ ওভারে দরকার ৩৪, সেটা কমে শেষ ওভারে জয় থেকে জিম্বাবুয়ের দূরত্ব ছিল ১৮ রান। নাসিরের প্রথম বলেই লং অনে সাব্বিরের হাত ক্যাচ দিয়ে ওয়ালারের বিদায় আশার পাল ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের দিকে। কিন্তু অন্য প্রান্তে মুস্তাফিজের নো-বলে ‘জীবন’ পাওয়া মাদজিভা যে তখনো জয়ের প্রতিজ্ঞায় চোয়ালবদ্ধ, সেটা কে জানত!
নাসিরের দ্বিতীয় বলে ছক্কা ও পরের বলে ক্রেমারের সঙ্গে দুবার প্রান্তবদল। চতুর্থ বলে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে মাদজিভা ব্যবধান কমিয়ে আনেন আরও। পরের বলে ছক্কা হাঁকিয়ে তো জিম্বাবুয়ের জয়ের নায়কই বনে গেলেন এর আগে মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাদজিভা।
কাল রাতে জিম্বাবুয়ের জয়োৎসবের পুরোটা জুড়েই হয়তো ছিলেন মাদজিভা। সিরিজে বাংলাদেশের একমাত্র হারের আলোচনায় যেমন ছিলেন এনামুল হক। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন, তিন নম্বরে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শেষ ওভারে। দলের ১৩৫ রানে এনামুলের ইনিংসটাকে এক দিক দিয়ে মেরুদণ্ডই বলতে পারেন। কিন্তু টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ রান করতে ৫১ বল খেলা, এর মধ্যে আবার ২০টাই ডট বল দিয়ে দেওয়ার পর সেই কৃতিত্ব যে আর দেওয়া যাচ্ছে না এনামুলকে! বাংলাদেশ দলের ড্রেসিংরুমে কান পাতলে বরং তাঁর বিরুদ্ধে আবারও ‘স্বার্থপর’ ব্যাটিংয়ের অভিযোগ উঠেছে বলেই শোনা যেতে পারে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবশ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাঠগড়ায় উঠল পুরো দলের ব্যাটিং, ‘একটা সময়ে হয়তো সেও (এনামুল) রানের গতি বাড়াতে ব্যর্থ হয়েছে। তবে এটা ঠিক যে আমরা প্রত্যেকেই বাজে ব্যাটিং করেছি।’
ব্যর্থতায় ভরা ২০১৪ সালের শেষটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৮-০ জয়ের অভূতপূর্ব সাফল্য দিয়ে। কী কাকতাল, সাফল্যের ভেলায় ভাসা ২০১৫-এর শেষ দৃশ্যেও জিম্বাবুয়ের বিপক্ষেই সিরিজ জয়! কিন্তু সিরিজের শেষ রাতটা যেন রেখে গেল এক ফোঁটা অতৃপ্তি।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৯
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১৩৬/৭
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী