
ওয়াকার ইউনিস ও মুশতাক আহমেদের দুজোড়া চোখ এফোঁড়-ওফোঁড় করে ফেলল পিচটিকে। চট তুলে পপিং ক্রিজে তাঁরা পা দাবিয়ে দেখেন। গুড লেংথ স্পটটা টিপে দেখেন। পাকিস্তান দলের দুই কোচকে দূরের ড্রেসিংরুম থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা তখন হয়তো বললেন, আসলে বলতে চাইলেন আরকি, ‘সর্বজনাব, পিচটা সেই একই। কোনো জুজু নেই, জাদু নেই। এখানেই আপনাদের দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪-০ চূর্ণ করেছি। এবার অপেক্ষা করুন টেস্টেও “কিছু” পাওয়ার!’
এই ‘কিছুটা’ কী, সে আপনারা জানেন। খুলনা টেস্টে পরাজয়ের চোখ রাঙানিকে ব্যাটিংয়ে সপাটে উড়িয়ে ফেলে বাংলাদেশের অধিনায়ক ও কোচই তো সেটি পরিষ্কার করে দিয়েছেন। জয় এবং জয়। বাংলাদেশ দল তাদের ১৫ বছরের টেস্ট জীবনে এই জয়ের আশাটা এত দিন শুধু জিম্বাবুয়ের সঙ্গেই সোচ্চারে জানাতে পেরেছে। বড় কোনো দলের বিপক্ষে বলতে পারেনি এমনকি নীরবেও। বদলে যাওয়া সময়ের পিঠে চড়ে বড় কোনো দলের বিপক্ষে এই প্রথম বুঝি সেই অধিকারবোধ জন্মাল। আজ পাকিস্তানের সঙ্গে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ তাই জয়ের কথাটাই বলছে।
তবে খেলাটা যেহেতু টেস্ট ক্রিকেট, এখানে পরিমিতিবোধের একটা মোড়ক থাকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কাল মুশফিকুর রহিমের কণ্ঠে খুলনা টেস্টের তামিম-ইমরুলের মতো স্টেপ আউট করে ছক্কা মারা কিংবা রিভার্স সুইপে চার হাঁকানো ঔদ্ধত্য থাকল না। প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়ে মিহি সুরেই জয়ের আকাঙ্ক্ষাকে বাঁধলেন বাংলাদেশ অধিনায়ক, ‘লক্ষ্য অবশ্যই জয়। পাঁচটি দিন কঠিন ক্রিকেট খেলে ফলটা আমাদের দিকে নিয়ে আসতে চাই।’ সম্ভাবনার নিক্তিতে মাপতে গেলেও প্রতিপক্ষকে সমীহ করতে হয়। যারা বাংলাদেশের (৮৯ টেস্ট) চেয়ে প্রায় সোয়া চার গুণ বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন, খুলনায় পৃথিবীকাঁপানো ড্রয়ের আগে যাদের বিপক্ষে আট ম্যাচের সব কটিতেই হার, সম্ভাবনায় তাই এগিয়ে থাকা যায় না। মুশফিক বললেন, ‘এ ম্যাচে জয়ের সম্ভাবনা ৫০-৫০।’ পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হকও মানলেন, ‘এই মুহূর্তে দুদলই একই জায়গায়। যারাই এই টেস্ট জিতে সিরিজ নিতে চায়, তাদের সেরাটাই খেলতে হবে।’
একদা দোর্দণ্ড প্রতাপ পাকিস্তান দলের অধিনায়ক যে ‘যুদ্ধের’ শেষ সীমান্তে এসে দুদলকে একই জায়গায় দেখছেন, এটাই তো বাংলাদেশের নৈতিক জয়। ওয়ানডে আর টি-টোয়েন্টি যেমন তেমন, দুবছর ধরে নীরবে টেস্টেও আশ্চর্য রূপান্তর ঘটিয়ে ফেলা বাংলাদেশ পাকিস্তানকে আজ বলতে পারছে, ‘তোমরা “রিয়েলিটি চেক” করো।’ আজ যখন সিরিজে শেষবারের মতো টস করতে নামবেন মুশফিক ও মিসবাহ, ভিআইপি গ্যালারিতে হয়তো নোটবুক নিয়ে বসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। সামান্যতম বিচ্যুতিতেই ওয়াকার ইউনিসসহ কোচিং স্টাফদের নামের পাশে বসতে থাকবে লাল দাগ। পাকিস্তানকে বাংলাদেশ যে ঝাঁকুনিটা দিয়েছে, সেটির তীব্রতা বুঝি ৮ মাত্রার ভূমিকম্পের মতোই। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট নিয়ে পাকিস্তানিদের ‘ক্যান্ডি ক্রাশ’ খেলার দিন খেয়ে ফেলেছে ঘুণপোকা। পিচের দিকে বিপন্নভাবে ওয়াকার-মুশতাকের ওই দৃষ্টি ফেলার একটা অর্থ আপনি করে নিতেই পারেন।
পাকিস্তান চায় একটা জয় নিয়ে ফিরতে। জয় না হোক, বাংলাদেশ চায় সিরিজে ওদের জয়বঞ্চিত রাখতে। মিসবাহকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলছে মিরপুরের উইকেট, ‘এই উইকেট খুলনার চেয়ে ভিন্ন। এটিও ব্যাটিং অনুকূল। তবে বোলারদের জন্যও এখানে কিছু থাকে। পেস থাকে, বাউন্স থাকে।’ খুলনা টেস্টের ব্যবচ্ছেদে পাকিস্তান অধিনায়কের চোখে ধরা পড়েছে তাদের বোলিংয়ের খামতি। সুতরাং বোলিংয়ে কিছুটা বদল আসতে পারে পাকিস্তান দলে। তবে তা নিয়ে মুশফিকের দুশ্চিন্তা নেই। এখানকার উইকেট আলাদা জেনেও বাংলাদেশ অধিনায়ক ‘চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’, ‘আমাদের চিন্তা থাকবে ওদের ২০টি উইকেট নেওয়ার। আমরা সবাই প্রস্তুত পাঁচ দিনের লড়াইয়ে নামতে। আশা করি আমরা লড়াইটায় জিততে পারব।’
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের চেয়ে মিরপুর শেরেবাংলা কিন্তু আরেকটি ক্ষেত্রেও আলাদা—ভেন্যুটি ফলপ্রসবা। সেই যে ২০০৭ সালের মে মাসেরই এক সকালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এখানে টেস্টযাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের, তারপর আরও ১১টি টেস্ট গড়িয়েছে এটির বুকে। রেজাল্ট শিটটা বাংলাদেশের উল্টে না দেখাই ভালো, ১২ টেস্টে ৯ হারের পাশে জয় মাত্র একটি, তাও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট অবশ্য ড্র হয়েছে। যদিও তাতেও ছিল বৃষ্টির সাহায্য। কিন্তু সোনালি সময়ের সওয়ার একটি দল কেন ওই ‘নেতি’র দিকে তাকাবে! বাংলাদেশ তাকাতে চায়ও না। যে অস্ত্রগুলো ঠিকঠাক কাজ করলে টেস্টের একটি গৌরবগাথা এখানে রচিত হতে পারে, সেদিকেই তাকিয়ে আছেন মুশফিক। তিনি চান তামিমের ব্যাট আবারও সংহার করবে পাকিস্তানি বোলিং, ইমরুলের ব্যাট আবারও গাইবে ধৈর্য ও আগ্রাসনের যুগলবন্দী। ছোট্ট রান-খরাটা কাটিয়ে হাসবে তাঁর ব্যাটও। একজন অতিরিক্ত বোলার (একাদশে চোটগ্রস্ত রুবেলের জায়গায় শাহাদাতের যোগ হওয়া প্রায় নিশ্চিত, জানা গেছে শুভাগত হোমের জায়গায় লেগস্পিনার জুবায়ের হোসেন কি না সেটি নিয়েই একমাত্র নির্বাচনী অনিশ্চয়তা) নিয়ে ধার বাড়ুক বোলিংয়ের। এ পর্যন্ত সিরিজের পাঁচটি ম্যাচেই সামর্থ্যের শেষ বিন্দু ঢেলে যেমন লড়েছেন সবাই, লড়বেন তেমনটাই। একটু বেশি চাওয়া হয়তো সাকিবের কাছে। খুলনা টেস্টের শেষ বেলা বের করে এনেছে ‘চ্যাম্পিয়ন ব্যাটসম্যান’ সাকিবকে, এখানে যেন দেখা মেলে ‘চ্যাম্পিয়ন স্পিনার’ সাকিবের। তাহলেই চিত্রনাট্যটা আদর্শ হয়!
ও, হ্যাঁ, খুলনায় সাকিব তো শুধু কিংখাব থেকে ব্যাটিং তরবারিটাই বের করেননি, ওয়াহাব রিয়াজের চোখে চোখ রেখে, গলার শিরা ফুলিয়ে, আঙুল নাচিয়ে বীরের চেহারাটাও দেখিয়েছেন। তাই ভারতে বসে রমিজ রাজা, করাচির ডেরায় বসে মোহাম্মদ ইউসুফ মরমে মরে যাচ্ছেন, ‘এই বাংলাদেশও! ’ হ্যাঁ, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। প্রতিটি পদক্ষেপেই তার বদলে যাওয়ার বিজ্ঞাপন। মিরপুরে তাহলে কেন হঠাৎ বিজ্ঞাপন-বিরতি হবে?