শেষটাতে থাকুক শিরোপার শোভা

মাঠে পাশাপাশি দুই সারি সবুজ চেয়ার সাজিয়ে রাখা। এক সারির পেছনের স্ট্যান্ডে লেখা ‘চ্যাম্পিয়ন’, আরেক সারির পেছনে ‘রানার্সআপ’। সামনের ডায়াসের পাশে কিছু লোকজনের সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কী নিয়ে যেন কথা বলছিলেন।
এশিয়া কাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহড়া বলতে পারেন এটাকে। বাংলাদেশ-ভারত ‘মহারণ’ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে আশা করা হচ্ছে। তাঁর হাত দিয়েই পুরস্কার ওঠার কথা চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলের হাতে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়েরা চেয়ার বিছিয়ে বসলে সেটা ব্যতিক্রম হতো। তবে শেষ পর্যন্ত চেয়ার হয়তো থাকবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে অন্য যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের পুরস্কার বিতরণীর মতোই। দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন দুই দলের ক্রিকেটাররা। তাঁদের এক দলের হাতে উঠবে সোনালি-রুপালি রঙে মোড়ানো চ্যাম্পিয়নের ট্রফি। সেটা মাশরাফি বিন মুর্তজার দল হলেই পূর্ণতা পাবে এবারের এশিয়া কাপ। না হলেও ক্ষতি নেই। একটা বড় লড়াইয়ে যে এরই মধ্যে প্রায় জিতে গেছে বাংলাদেশের ক্রিকেট!
মাঠের বাইরের ‘লড়াই’য়ের শুরুটা গত জানুয়ারিতে। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে সামনে এনে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তারা বাংলাদেশে দল পাঠাবে না। কারণ এই দেশ নাকি ক্রিকেটের জন্য নিরাপদ নয়। অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্যও এখানে পদে পদে বিপদ বলে ঘোষণা করা হলো। সরকার, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিসিবি চেষ্টার ত্রুটি রাখেনি। বিশ্বকাপ খেলতে আসা সব দলের খেলোয়াড়-কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে। তাতে আইসিসিসহ বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দেশগুলো আশ্বস্ত হলেও অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত বাংলাদেশে এলই না।
কিন্তু সাফল্যের সঙ্গে যুব বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ সেই ভয়কে অমূলক প্রমাণ করল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালে দেশের কোথাও ক্রিকেটের জন্য হুমকিস্বরূপ কিছু হয়েছে বলে শোনা যায়নি। বরং প্রতিটি ভেন্যু, খেলোয়াড়দের হোটেল এবং যাতায়াতের পথ যে রকম কঠোর নিরাপত্তাবেষ্টনীতে নিশ্ছিদ্র রাখা হয়েছিল, সেটা অস্ট্রেলিয়াসহ বিশ্বের কোনো দেশের জাতীয় দলের ক্রিকেটাররাও কোথাও দেখেছে কি না সন্দেহ। এই নিরাপত্তাবলয় নাগরিক জীবনে হয়তো সাময়িক বিঘ্ন ঘটিয়েছে। কিন্তু বড় কিছু পেতে হলে তো সামান্য যন্ত্রণা সইতেই হয়!
সেই ‘বড় কিছু’ হলো ক্রিকেটের জন্য নিরাপদ রাষ্ট্রের স্বীকৃতি। তবে ওখানেই তৃপ্ত হওয়ার সুযোগ ছিল না। যুব বিশ্বকাপের পিঠোপিঠি এশিয়া কাপও ঢাকাতেই হওয়ায় আয়োজক হিসেবে বাংলাদেশের পরীক্ষার ব্যাপ্তি গিয়েছিল বেড়ে। এশিয়া কাপের চার অতিথি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তবে ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য অনিরাপদ’ বার্তাটা যেহেতু একবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটাকে ‘অহেতুক’ প্রমাণের চ্যালেঞ্জ প্রতিটি বড় আসরেই নিতে হচ্ছে বাংলাদেশকে। এশিয়া কাপেও তাই অদৃশ্য একটা ভয় ছিল। কিন্তু এবারও প্রমাণ হয়ে যাচ্ছে, এই দেশে ক্রিকেটকে পুঁজি করে বিভেদ-বিদ্বেষের আগুন জ্বালানোর সুযোগ নেই। ক্রিকেট এখানে একটা জাদু, যা ৫৬ হাজার বর্গমাইলজুড়ে শুধু লাল-সবুজ রংই ছড়ায়।
সফলভাবে পর পর দুটি বড় আসর আয়োজন করে স্বস্তি পেতেই পারে বিসিবি। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কথায় সেটাই প্রকাশ পেল কাল, ‘সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার পূর্ণ সহযোগিতায় আমরা পর পর দুটি বড় টুর্নামেন্ট আয়োজন করলাম। নিরাপত্তা নিয়ে যে ভীতি ছিল, সেটাও ভুল প্রমাণ হয়েছে। আয়োজক হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় স্বস্তির।’
ইংরেজিতে ‘আইসিং অন দ্য কেক’ বলে একটা কথা আছে। যার অর্থ, ভালোকে সবচেয়ে ভালোর সীমানায় পৌঁছে দেওয়া। এশিয়া কাপের শিরোপা জিতে আজ মাশরাফি বিন মুর্তজার দলই পারে কথাটিকে সার্থক করে তুলতে।