
কৌশল সিলভা আউট। দাঁড়িয়ে গেল সিংহলিজ স্পোর্টস ক্লাবে উপস্থিত হাজার চারেক দর্শক। না, সিলভার জন্য নয়। এসএসসির দর্শকেরা দাঁড়াল একজনকে বরণ করে নেওয়ার জন্য। শেষবারের মতো যে টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নামছেন মাহেলা জয়াবর্ধনে।
জয়াবর্ধনে এলেন। আগেই ছিলেন কুমার সাঙ্গাকারা। শেষবারের মতো একসঙ্গে সাঙ্গাকারা-জয়াবর্ধনে! আট বছর আগে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জুটিটি এই মাঠেই গড়েছিলেন সাঙ্গা-জয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেটে ৬২৪ রান করে শুধু টেস্টেরই নয়, গড়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটেরই সবচেয়ে বড় জুটি।
ওই ইনিংসের আগে-পরে টেস্টে আরও ১৭টি শতরানের জুটি গড়া সাঙ্গা-জয়াকে আজও দেখা যাবে একসঙ্গে ব্যাট করতে। দেখা যেতে পারে ১৯তম সেঞ্চুরি জুটি গড়তেও। আর মাত্র ২ রান হলেই হয়। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে উঠে গেছে ৯৮ রান। টেস্টে জুটি বেঁধে সবচেয়ে বেশি রান করাদের তালিকার তিনে উঠতে আরও ৩৬ রান দরকার। জয়াবর্ধনে-সাঙ্গাকারার ৬৪৪৭ রানের চেয়ে বেশি রান আছে শুধু গ্রিনিজ-হেইন্স (৬৪৮২) ও দ্রাবিড়-টেন্ডুলকার জুটির (৬৯২০)। ফিফটি পেয়ে গেছেন সাঙ্গাকারা, আর ১ রান হলে ফিফটি হয়ে যাবে জয়াবর্ধনেরও। দেখার বিষয়, বিদায়ী টেস্টটাকে স্মরণীয় করতে কত দূর যেতে পারেন তিনি।
এর আগে দিনের প্রথম ভাগে জয়াবর্ধনের শেষ টেস্টটাকে স্মরণীয় করে রাখার বন্দোবস্ত করে ফেলেছেন রঙ্গনা হেরাথ। পাকিস্তানের প্রথম ইনিংসের ৯টি উইকেটই গেছে এই বাঁহাতি স্পিনারের দখলে। ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৩৩২। প্রথম ইনিংসে পাকিস্তানকে ১২ রানের লিড এনে দেওয়ায় বড় অবদান সরফরাজ আহমেদের। অষ্টম টেস্টে এসে প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই উইকেটকিপার। কাল অবশ্য দুঃসংবাদ শুনেছে পাকিস্তান। ব্যাটিংয়ের সময় ধাম্মিকা প্রসাদের বল হেলমেটে লাগে জুনাইদ খানের। পরে অসুস্থবোধ করায় ড্রেসিংরুম থেকে হাসপাতালে নিতে হয়েছে এই পেসারকে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারকে দ্বিতীয় ইনিংসে আর পায়নি পাকিস্তান। দিন শেষে অবশ্য দলটির ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার সুসংবাদই দিয়েছেন, তেমন কিছু হয়নি জুনাইদের, ফিরেছেন হাসপাতাল থেকেও।
শ্রীলঙ্কা দিন শেষ করেছে ২ উইকেটে ১৭৭ রানে। ১২ রানের ঘাটতি পুষিয়ে এগিয়ে গেছে ১৬৫ রানে। থারাঙ্গা-সিলভার উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে এনে দেয় ৫৪ রান। প্রথম ইনিংসেও ৫০ পেরিয়েছিল এই জুটি। এএফপি, ক্রিকইনফো, টেন ক্রিকেট।