শেষবার পন্টিংয়ের দলকে হারিয়েছিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭২ রানের ইনিংস দিয়ে পাকিস্তানকে জেতালেন হাফিজ। ছবি: এএফপি
৭২ রানের ইনিংস দিয়ে পাকিস্তানকে জেতালেন হাফিজ। ছবি: এএফপি

অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন তখন ওপেন করতেন। মিডল অর্ডারে ছিলেন সেই ঝাঁকড়া চুলের অ্যান্ড্রু সাইমন্ডস। আর আবদুল রাজ্জাক তখনো পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। মোহাম্মদ ইউসুফের নাম তখনো ‘ইউহানা’। ২০০৫ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান। তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। এর ১২ বছর পর আজ আবার জিতল পাকিস্তান। মেলবোর্নে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজও ১-১ করে ফেলল। 

আগের ম্যাচে এর চেয়ে বড় ধস নেমেছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে। কিন্তু ম্যাক্সওয়েলকে নিয়ে সেই ধস সামাল দিয়েছিলেন ম্যাথু ওয়েড। আজ স্টিভেন স্মিথ সেই চেষ্টা করলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেল ২২০ রানেই। পাকিস্তানের ক্ষেত্রে হলো উল্টোটা। ব্রিসবেনে আগের ম্যাচে তাড়া করতে নেমে খেই হারিয়েছিল পাকিস্তান। কাল মেলবোর্নে সেটা হতে দিলেন না মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকরা।
স্পিনের ওপর জোর দিয়ে যেদিন ভারত সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সেদিনই পাকিস্তানি স্পিনের বিপক্ষে এমন নড়বড়ে দেখাল স্টিভেন স্মিথের দলকে! উইকেট শেষ বেশি পর্যন্ত পেয়েছেন পাকিস্তানি পেসাররাই। কিন্তু ইমাদ ওয়াসিম, মালিক আর হাফিজকে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যেভাবে ভুগলেন, সেটাই বেশি চিন্তায় ফেলবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের।
নবম ওভারেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর সতীর্থদের নিয়ে তিনটি মাঝারি জুটি (৪৫, ৪২ ও ৬৫ রানের) হয়েছে অস্ট্রেলিয়ার, এর একটা এক শ ছাড়ালেই রানটা আরেকটু বেশি হতো স্বাগতিকদের। একা লড়ছিলেন স্মিথ, দারুণ এক স্লোয়ারে তাঁকে ৬০ রানে ফিরিয়ে দেন ইমাদ ওয়াসিম। লেজ মুড়ে দিয়ে বাকি কাজটা সারেন মোহাম্মদ আমির।
তাড়া করতে নেমে পাকিস্তান শক্ত ভিত পেয়ে যায় মোহাম্মদ হাফিজ শারজিল খানের ৬৮ রানের উদ্বোধনী জুটিতে। ৩২ বলে ২৯ করে শারজিল ফিরে যাওয়ার পর বাবর আজমকে নিয়ে আবারও ৭২ রানের জুটি করেন হাফিজ। যে জুটি ভাঙে ৩১তম ওভারে আজম স্টার্কের শিকার হয়ে ফিরে যাওয়ার পর। পরের ওভারেই ৭২ রানে থাকা হাফিজকে ফেরান ফকনার। পাকিস্তান তখন ৩ উইকেটে ১৪২। কিন্তু আসাদ শফিক আর শোয়েব মালিকের ৫৩ রানের জুটি আর বিপদে পড়তে দেয়নি পাকিস্তানকে। শফিক ফিরলেও ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিভিউ নিয়ে বেঁচে যাওয়া মালিক।
১৪ বল বাকি থাকতে জয়। আর তাতেই অস্ট্রেলিয়ার মাটিকে মাত্র ১৭তম বারের মতো অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান।