শেষবারের মতো অধিনায়ক ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জানুয়ারি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নেতৃত্বভারটাও ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড সিরিজে শুধুই একজন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলবেন ‘ক্যাপ্টেন কুল’।
নেতৃত্বের ভার এখন বিরাট কোহলির কাঁধে। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতে কোহলিও জানিয়ে দিয়েছেন, তাঁর চওড়া কাঁধটি এ ভার বইতে প্রস্তুত। নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে কোহলির উচ্ছ্বাস পুরোনো ধোনিকে ফিরে পাওয়ার! যে ধোনি এসেই একটা ধাক্কা দিয়েছিলেন ভারতের ক্রিকেটকে। যাঁর বুনো ব্যাটিংয়ের ছন্দে মেতে থাকত সাধারণ দর্শক। কোহলি আছেন সেই ধোনিকে দেখার অপেক্ষায়, ‘আমার সবচেয়ে খুশি লাগছে এটা ভেবে, তিনি আবারও স্বাধীন হয়ে খেলবেন। প্রথম দলে আসা সেই আগ্রাসী ধোনি রূপেই দেখা দেবেন।’
কোহলির আশা সত্যি হলে ১৫ তারিখ পুনেতেই দেখা দেবেন সেই ধোনি, যাঁর উন্মাতাল ব্যাটিং আর লম্বা চুলের ভক্ত ছিলেন খোদ পাকিস্তানের প্রেসিডেন্ট! প্রায় ৩৬ বছর বয়সে এসে সেই চুল হয়তো আর ফিরিয়ে আনবেন না ধোনি, তবে ব্যাটে সেই আগ্রাসন ফিরিয়ে আনতে তো সমস্যা নেই! বিশেষ করে ভারতের মতো বিশাল এক ক্রিকেটপাগল দেশের প্রত্যাশার চাপটা যখন সরেই গেল কাঁধ থেকে।
তবে আজ অন্তত আরেকবার নেতৃত্বে দেখা যাবে ধোনিকে। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে।
এদিকে এ ম্যাচের ডামাডোলের মধ্যেই কাল হিন্দুস্তান টাইমস উত্তাপ ছড়াল ধোনির অবসরের সিদ্ধান্ত নিয়ে। পত্রিকাটির দাবি, অধিনায়কত্ব ছেড়ে দিতে ধোনিকে চাপ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ঝাড়খন্ড দলে না খেলায় তাঁর ওপর চটেছিলেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা। ফলে বোর্ডের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা তিনি পাননি। তবে নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘ধোনিকে কোনো চাপ দেওয়া হয়নি। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।’ টাইমস অব ইন্ডিয়া।