ঘূর্ণিঝড় ‘আর্ল’কে নিশ্চয়ই ধন্যবাদ জানাবেন ফিল সিমন্স।
ধন্যবাদ না জানিয়ে উপায় আছে? প্রকৃতি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এ টেস্ট কি আর পঞ্চম দিনে যায়? দ্বিতীয় দিন শেষে সিমন্স বড় মুখ করে বলেছিলেন, ‘চতুর্থ দিনেই না হয় বলি, পঞ্চম দিনে (বৃষ্টি) লাগবে কি না!’ ক্যারিবীয় ব্যাটসম্যানরা যে ব্যাটিং করলেন চতুর্থ দিনে, তাতে বৃষ্টি লাগবে কি না সে প্রশ্নের উত্তর মিলেছে। চতুর্থ দিনেই বৃষ্টি লাগল!
বৃষ্টি-বাগড়াতেই পঞ্চম দিনে গড়িয়েছে কিংস্টন টেস্ট। আর প্রকৃতির সাহায্যকে কাজে লাগিয়েই টিকে থাকার চেষ্টা করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। পত্রিকা যখন হাতে পাবেন পাঠকেরা, তার আগেই শেষ হয়ে যাবে ম্যাচ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের চেষ্টাটা রূপ নিয়েছিল ম্যাচ বাঁচানোর লড়াইয়ে। ষষ্ঠ উইকেটে রোস্টন চেজ এবং শেন ডাওরিচের ১৪৪ রানের জুটিতে স্কোরবোর্ডে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৯১/৬। আর মাত্র ১৩ রান করলেই ভারতকে ব্যাটিংয়ে নামাবে স্বাগতিকেরা। ৭৪ রানে ডাওরিচ আউট হয়ে গেলেও চেজ অপরাজিত ছিলেন সেঞ্চুরি করে। ১২টি চার ও ১টি ছয়ে ১৭৫ বলে ১০০ করেন তিনি।
গতকালের আগের দিনে খেলা হয়েছে মাত্র ১৫.৫ ওভার, সেটিও তিনটি বৃষ্টিবিরতি দিয়ে। মধ্যাহ্নবিরতির আগের ওই স্বল্প সময়ের খেলাই যথেষ্ট হলো স্বাগতিক দলের সর্বনাশের জন্য। ৪৮ রানেই নেই ৪ উইকেট। ইনিংস হার এড়াতেই বাকি ৬ উইকেট হাতে নিয়ে আরও ২৫৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ক্রেগ ব্রাফেট কিংবা ড্যারেন ব্রাভোর ব্যাটিং সম্পর্কে কিংবদন্তি ভিভ রিচার্ডস ব্যবহার করলেন একটি শব্দ, ‘বালখিল্য!’ সত্যিকার অর্থেই শিশুসুলভ ব্যাটিংয়ের কুৎসিত প্রদর্শনী দেখালেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের এই দলে একমাত্র একজন ব্যাটসম্যানের ব্যাটিং চোখের জন্য স্বস্তিদায়ক, ড্যারেন ব্রাভো। সেই ব্রাভো কীভাবে আউট হলেন? অফ স্টাম্পের বাইরে টানা শর্ট বল করলেন ভারতের পেসাররা। অনেকক্ষণ হাঁসফাঁস করে এক শরীর তাক করা শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরলেন। এই সিরিজে তাঁর জন্য পাতা ভারতীয় ফাঁদে চতুর্থবারের মতো পা দিয়ে। অথচ এই সিরিজের আগেও অফ স্টাম্পের বাইরে শর্ট বলে ব্রাভোর অসুবিধা হয়, এটাই ছিল অজানা। ব্রাভো আউট হওয়ার পরই চতুর্থ দিনের খেলা শেষ হয়। সূত্র: রয়টার্স।
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৯৬
ভারত ১ম ইনিংস: ৫০০/৯ ডি.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস
রান বল ৪ ৬
ব্রাফেট ক রাহুল ব মিশ্র ২৩ ৪৫ ৩ ০
চন্দ্রিকা ব ইশান্ত ১ ৪ ০ ০
ব্রাভো ক রাহুল ব শামি ২০ ৩৭ ৩ ০
স্যামুয়েলস ব শামি ০ ৫ ০ ০
ব্ল্যাকউড ব্যাটিং ৩ ৫ ০ ০
অতিরিক্ত (নো ১) ১
মোট (১৫.৫ ওভারে, ৪ উইকেটে) ৪৮
উইকেট পতন: ১-৫, ২-৪১, ৩-৪১, ৪-৪৮।
বোলিং: ইশান্ত ৬-০-১৯-১ (নো ১), শামি ৭.৫-২-২৫-২, মিশ্র ২-১-৪-১। (চতুর্থ দিন শেষে)