শেষবেলায় ভারতের ইনিংসে সিংহের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষবেলায় ভারতকে এলোমেলো করে দিয়েছেন লায়ন। ছবি: এএফপি
শেষবেলায় ভারতকে এলোমেলো করে দিয়েছেন লায়ন। ছবি: এএফপি

কুলদীপ যাদবে সাগর পেরিয়ে কূল পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনের শেষবেলায় ভারতের ইনিংসে পড়েছে ‌‘লায়নে’র থাবা। কিছুটা হলেও তাই এলোমেলো হয়ে পড়েছে স্বাগতিকেরা। ৬ উইকেটে ২৪৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা। রবীন্দ্র জাদেজা ১৬ আর ঋদ্ধিমান সাহা ১০ রান নিয়ে উইকেটে আছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৫২ রানে পিছিয়ে ভারত।

চা বিরতির পর অসাধারণ এক স্পেলেই ধীরেসুস্থে এগিয়ে চলা ভারতকে এলোমেলো করে দেন লায়ন। অতর্কিত সিংহের হানার এমন অভিজ্ঞতায় বেশ কবারই পড়েছে ভারত। আগের তিন ম্যাচে ১৪ উইকেট নেওয়া লায়নকে যেমন আজ শুরুতে ভালোই সামলাচ্ছিলেন চেতেশ্বর পূজারা আর অজিঙ্কা রাহানে। প্রথম দুই স্পেলে দেখেশুনে খেলা ভারতের ব্যাটসম্যানদের কোনো অস্ত্রেই বধ করতে পারেননি। তবে চা বিরতির পর সত্যিকারের থাবা বসান লায়ন। ১৯ ওভারের তৃতীয় স্পেলে ৪৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রাহানে আর পূজারার প্রতিরোধ তো ভেঙেছেনই, করুন নায়ার আর রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে ধর্মশালায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনটি অস্ট্রেলিয়ার দিকে হেলে দিয়েছেন এই অফ স্পিনার।

অথচ ২১ রানেই মুরালি বিজয়কে হারালেও লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারার ব্যাটে ভালোই এগিয়ে চলছিল ভারত। ১ উইকেটে ১০৮ রান তুলে ফেলা ভারতকে তখন ধাক্কা দেন প্যাট কামিন্স, ৬০ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর শুরু লায়নের ঘূর্ণি-জাদু।

১০ রানের মধ্যে তিনি তুলে নেন পূজারা ও নায়ারকে। আউট হওয়ার আগে ১৫১ বলে ৫৭ রান করেন রাঁচি টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান। এরপর তিনি তুলে নেন রাহানে আর অশ্বিনকেও। অস্ট্রেলিয়া দিনটি আরও ভালো অবস্থানে থেকে শেষ করতে পারত। ৮৮তম ওভারে কামিন্সের বলে ঋদ্ধিমানের দেওয়া ক্যাচটি অবশ্য প্রথম স্লিপে নিতে পারেননি ম্যাট রেনশ। তাহলে ম্যাচটা আরও হেলে যেতে পারত অস্ট্রেলিয়ার দিকে। ক্রিকইনফো।