কেশব মহারাজের উদ্যাপনটাই বলে দিচ্ছিল সব। ম্যাচে মহারাজের প্রথম উইকেট, তাও আবার প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং নায়ক মাহমুদুল হাসানের। ড্রাইভ করতে গিয়ে মিস করে বোল্ড হয়েছেন মাহমুদুল, বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ৬ রানেই। এর আগে-পরে ফিরেছেন সাদমান ইসলাম ও মুমিনুল হকও। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে থাকা বাংলাদেশ মাত্র ৬ ওভারেই ভালোভাবেই টের পেয়েছে, শেষ দিনে তাদের জন্য কী অপেক্ষা করছে—‘ট্রায়াল বাই স্পিন’! আলোকস্বল্পতায় এদিনও নির্ধারিত সময়ের বেশ আগেই খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ রীতিমতো কম্পমান।
ডারবান টেস্টে আজ চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার—প্রথম সেশনে পড়েছিল মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় সেশনে ৪টি, এরপর শেষ সেশনে ১৩ ওভারের মধ্যেই ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরেছিল দারুণভাবে। তবে সংক্ষেপিত শেষ সেশনে আবার ব্যাকফুটে তারাই। শেষ দিনে খেলা শুরু হবে আধঘণ্টা আগে, ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশকে করতে হবে আরও ২৬৩ রান। পঞ্চম দিনের উইকেটে কেশব মহারাজ-সাইমন হারমারের দ্বিমুখী স্পিন-আক্রমণের সামনে রানটা অনেক বড়ই দেখাচ্ছে।
রানতাড়ায় বাংলাদেশ প্রথম ধাক্কা খেয়েছে দ্বিতীয় ওভারেই। ম্যাচে দ্বিতীয়বার সাইমন হারমারের শিকার হয়েছেন সাদমান ইসলাম, এবার স্লিপে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। পরের ওভারে এসে মহারাজ ফিরিয়েছেন মাহমুদুলকে। তিন বল পর ব্যাকফুটে খেলতে নিজের বিপদ ডেকে এনেছেন মুমিনুল হক, আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্তটা রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি বাংলাদেশ অধিনায়ক। এরপর খেলা হয়েছে মাত্র ১ ওভার। আগের কয়েক দিনের হারানো ওভার পুষিয়ে দেওয়ার জন্য দিনে ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল, তবে প্রায় ২০ ওভার বাকি থাকতেই বেল তুলে নিতে হয়েছে আম্পায়ারদের।
এর আগে শেষ সেশনে আর ৪৭ রান যোগ করতেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই রান-আউটসহ তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে তাদের ‘নাগাল’-এর মধ্যেই আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। যদিও বেশ আগেই নিশ্চিত হয়ে যায়, এ টেস্ট জিততে নিজেদের রেকর্ড নতুন করেই লিখতে হবে বাংলাদেশকে। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড ২১৭। ২০০৯ সালে গ্রেনাডায় সাকিবের অপরাজিত ৯৬ রানের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৫ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ৪ উইকেট হাতে রেখেই।
কিংসমিডে বাংলাদেশের লক্ষ্যের চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে তিনটি। সর্বশেষ ২০১৯ সালে কুশল পেরেরার মহাকাব্যিক ইনিংসে ৩০৩ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা।