শেষমেশ শ্রীলঙ্কাকে ধবলধোলাই করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলি ২১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ সামনে। ছবি: বিসিসিআই
কোহলি ২১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ সামনে। ছবি: বিসিসিআই

* শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ১৩৯ রানে।
* ভারতের অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত ১৩৯ রানে।
কী অদ্ভুত মিল! কিন্তু দুজনের মনের অবস্থা এ মুহূর্তে দুই রকম। সাবেক লঙ্কান ওপেনার ও শ্রীলঙ্কা দলের বর্তমান প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া বললেন, ‘ভারত সফরটা গেল দুঃস্বপ্নের মতো!’ আকস্মিক ভারত সফরে এসে শ্রীলঙ্কা যেভাবে নাকাল হলো, তাতে কেবল ‘দুঃস্বপ্ন’ বললেও বোধ হয় কম বলা হয়! আজ রাঁচিতে ৩ উইকেটে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ধবলধোলাইয়ের লজ্জাটুকুও এড়াতে পারল না শ্রীলঙ্কা।
ওয়ানডেতে ভারতের বিপক্ষে তো বটে কোনো দলের বিপক্ষে কখনোই দ্বিপক্ষীয় সিরিজে ৫-০ ব্যবধানে হারেনি শ্রীলঙ্কা। সাম্প্রতিক ফর্মটাও তাদের যথেষ্ট উজ্জ্বল। এ বছর পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজের চারটিতেই জিতেছে লঙ্কানরা। পাশাপাশি জিতেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। অথচ সেই শ্রীলঙ্কাকে ভারত সফরে খুঁজেই পাওয়া গেল না। বলার মতো তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সফরকারী দল।
শ্রীলঙ্কার দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়ে ভারত। দলীয় ১৪ রানে ফিরে যান অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। দুই ওপেনারকে বোল্ড করেন ম্যাথুস। দলকে কক্ষপথে ফেরায় অম্বাতি রাইডু ও বিরাট কোহলির তৃতীয় উইকেট জুটি। এ জুটিতে এল ১৩৬ রান। দুই ম্যাচ আগে কোহলি দ্রুত ছয় হাজারি ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছিলেন। আজ ক্যারিয়ারের ২১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ সামনে।
রাইডু রান আউটের শিকার হয়ে ৫৯ রানে ফিরে গেলে শ্রীলঙ্কার সুযোগ তৈরি হয় ম্যাচে ফিরে আসার। সে কাজে কিছুটা সফলও হয়েছিল সফরকারী দল। এ কারেণ পরবর্তী ৮১ রানে ভারতের ৫ উইকেটের পতন। ৪৪তম ওভারে পর পর দুই বলে স্টুয়ার্ট বিনি ও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পান অজান্তা মেন্ডিস। শেষমেশ হ্যাটট্রিকটা হয়নি। তখনো ভারতের দরকার ৪০ বলে ৫৭ রান, অন্যদিকে শ্রীলঙ্কার ৩ উইকেট। এ সময় ভারতের রানের চাকাটা আটকে রাখলেও চলত লঙ্কানদের। কিন্তু উইকেটে যে ছিল ‘রানমেশিন’ কোহলি। ভারতের রানের চাকা লঙ্কানরা থামাবে কী করে? কোহলি ১৩৯ রানে উইকেটে থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন। কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল। দুজনের অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে এসেছে ৩২ বলে ৫৭ রান। এ কারণে ৮ বল বাকি থাকতেই জয়ের দেখা পেল ভারত।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করে ম্যাথুসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান তোলে লঙ্কানরা। বল হাতেও বেশ সফল লঙ্কান অধিনায়ক, নিয়েছেন ২ উইকেট। ম্যাচ-সেরা তাই ম্যাথুস। সিরিজ-সেরা কোহলি।
সফরের আগে শ্রীলঙ্কার জ্যেষ্ঠ খেলোয়াড়েরা কিছুটা ‘বিরক্ত’ই প্রকাশ করেছিল। মূলত ওয়েস্ট ইন্ডিজ আকস্মিক ভারত সফর বাতিল করায় বন্ধুত্বের ‘মূল্য’ দিতে লঙ্কানদের এ সফরে আসা। কিন্তু বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ধবলধোলাইয়ের দগদগে ক্ষতে নিয়েই ফিরতে হচ্ছে ম্যাথুসের দলকে।