শেষের নাটকে ভারতের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে মাত্র ৮ রান দরকার। এই সহজ সমীকরণটাই মেলাতে পারল না ইংল্যান্ড। ভারতের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিটা ৫ রানে হেরেছে সফরকারীরা। শেষ অঙ্কের নাটকীয় জয়ে সিরিজে সমতা টানল ভারত।
সিরিজে প্রথম টি-টোয়েন্টিটা ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছিল ভারত। কালও ফর্ম খুঁজে পাননি ভারতের বেশির ভাগ ব্যাটসম্যান। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিটা ভালো শুরু এনে দিয়েছে। কিন্তু ১৫ বলে ২১ রান করে কোহলি আউট হতেই তাসের ঘর ভারতের ইনিংস। এক প্রান্তে দাঁড়িয়ে রাহুল দেখলেন সতীর্থদের আসা-যাওয়া। সুরেশ রায়না, যুবরাজ সিংরা উইকেটে এসে শুধু বলই নষ্ট করেছেন। রাহুল ৪৭ বলে ৭১ রানের ইনিংসটা না খেললে কাল ভারতকে বড় লজ্জাই পেতে হতো। মনীশ পান্ডেই (৩০) শুধু একটু সঙ্গ দিয়েছেন তাঁকে। কিন্তু তাঁর ২৬ বলের ইনিংসটা দলের প্রয়োজন মেটাতে পারেনি। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্ক ছোঁয়ায় ১৪৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
তাড়া করতে নেমে বিপাকে পড়েছিল ইংল্যান্ডও। আশিস নেহরার পরপর দুই বলে দুই ওপেনার ফিরেছেন। ১১তম ওভারের প্রথম বলে থিতু হওয়া এউইন মরগানকে আউট করে ভারতকে আশা দেখিয়েছেন অমিত মিশ্র। কিন্তু এক বল পরেই হতাশ হয়েছেন এই লেগ স্পিনার। তৃতীয় বলে বেন স্টোকসকেও বোল্ড করে দিয়েছিলেন। কিন্তু স্টোকস প্যাভিলিয়নমুখী হাঁটা দেওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন আম্পায়ার—নো বল! জীবন ফিরে পেয়ে ২৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেছেন স্টোকস। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে স্টোকস যখন আউট হলেন, জয়ের জন্য তখনো ১৯ বলে ইংল্যান্ডের দরকার ছিল ২৮ রান।
কিন্তু জসপ্রীত বুমরা শেষ দুই ওভারে মাত্র ৩ ও ২ রান দিয়েই মোড় ঘুড়িয়ে দেন ম্যাচের। শেষ ওভারে প্রথম বলে জো রুট আউট হয়েছেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে, আর চতুর্থ বলে বোল্ড হয়েছেন জস বাটলার। শেষ দুই বলে ৭ রানের সমীকরণটা মেলাতে পারেননি নতুন দুই ব্যাটসম্যান ক্রিস জর্ডান ও মঈন আলী। স্টার স্পোর্টস।