শেষের নায়ক জাদেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন জ্যাক বল, রবীন্দ্র জাদেজার সপ্তম শিকার হয়ে। দলের জয় এনে দেওয়া বোলারের সঙ্গে তাই আলাদা করে উদ্‌যাপন করতে এলেন অধিনায়ক বিরাট কোহলি l এএফপি
আউট হয়ে গেলেন জ্যাক বল, রবীন্দ্র জাদেজার সপ্তম শিকার হয়ে। দলের জয় এনে দেওয়া বোলারের সঙ্গে তাই আলাদা করে উদ্‌যাপন করতে এলেন অধিনায়ক বিরাট কোহলি l এএফপি

নিজের মাঠেও নিষ্প্রভ রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ভারতের ‘স্পিন-যমজ’-এর অন্যজন তো ছিলেন! রবীন্দ্র জাদেজার স্পিন-বিষেই নীল হলো ইংল্যান্ড। চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ৭৫ রানের জয় পেয়েছে ভারত। ৪-০ ব্যবধানে সিরিজ জিতে ২০১২ সালে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের বদলা নিল স্বাগতিক দল।
লিয়াম ডসনই ব্যতিক্রম। ইংলিশ এই অলরাউন্ডারকে আউট করতেই শুধু জাদেজার হাতের ছোঁয়া লাগেনি ভারতের। বাকি নয় ব্যাটসম্যানের আউটের সঙ্গেই যুক্ত ছিলেন এই অলরাউন্ডার। অশ্বিন যেখানে ফিরেছেন শূন্য হাতে, সেখানে ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন জাদেজা। প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনসহ ৭ উইকেট তাঁর!
জাদেজার এমন বিধ্বংসী মূর্তিতেই উদ্বোধনী জুটিতে ১০৩ রান তুলেও ২০৭ রানেই অলআউট ইংল্যান্ড। দায় অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদেরও। টপ অর্ডারের সব ব্যাটসম্যানই আউট হয়েছেন শট খেলতে গিয়ে। ১৫ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। আর এতেই নিজেদের লজ্জার একটা রেকর্ড নতুন করে গড়ল ইংল্যান্ড। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি (৪৭৭) রান করে ইনিংস হারের রেকর্ডটি দিয়েই শেষ হলো ইংল্যান্ডের টেস্ট সিরিজ।
তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি জাদেজা। সেটা গেছে ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ারের কাছে। দুই দিন হয়ে গেলেও নিজের কীর্তি এখনো অবিশ্বাস্য লাগছে নায়ারের কাছেই, ‘আমার মনে হয় স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। দলের জয়ে এভাবে অবদান রাখতে পারার অনুভূতিটা অসাধারণ।’
নিজে সিরিজ-সেরা হয়েছেন, দলও টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ভারতীয় রেকর্ড গড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি ম্যাচই হয়েছে স্পোর্টিং উইকেটে। অধিনায়ক বিরাট কোহলির তৃপ্তিটা তাই আরও বেশি, ‘এটা ছিল একটা পরিপূর্ণ পারফরম্যান্স। প্রথম ম্যাচে চাপে পড়ার পরও পরের চার ম্যাচ জিতেছি। চার ম্যাচে টস হেরেছি। এর মধ্যে তিনটিতেই জিতেছি, এটাও তৃপ্তির ব্যাপার। টস, পিচ কোনো কিছুরই সুবিধা নেওয়া হয়নি। ৪০০ রান দিয়েও ইনিংস ব্যবধানে জিতেছি (টানা দুই ম্যাচে), এটা নিয়মিত ঘটে না। আমরা পরিশ্রম করেছি, একে অন্যকে শ্রদ্ধা দেখিয়েছি। এভাবেই জয় পেয়েছি। আমি গর্বিত।’
কোহলিদের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন অধিনায়কত্ব হারানোর শঙ্কায় পড়া অ্যালিস্টার কুকও, ‘কোনো অজুহাত নেই। ভারতই ভালো দল ছিল এবং জয় তাদের প্রাপ্য। আমরা চেষ্টা করেছি কিন্তু যথেষ্ট ভালো করিনি।’ এএফপি, ক্রিকইনফো।

.
.