
কলম্বোর পর লন্ডন। পি সারা ওভাল থেকে ওভাল। বিশ্বের দুই প্রান্তে প্রস্তুত দুই ক্রিকেট মঞ্চ। কাল সাড়ে পাঁচ ঘণ্টা ব্যবধানেই শুরু হলো আধুনিক ক্রিকেটের দুই মহাতারকার বিদায়রাগিণী। ফিল্ডিং করতে মাঠে ঢোকার সময় অভিনন্দিত হলেন কুমার সাঙ্গাকারা। মাইকেল ক্লার্ককে ওভাল অভিবাদন জানাল ব্যাটিং করতে নামার সময়। সাঙ্গাকারা কাল ব্যাট করেননি। ক্লার্ক করেছেন। কিন্তু শেষের শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়া অধিনায়কের। ব্যাট হাতে ব্যর্থতার প্রহরটাকে আরেকটু লম্বা করে মাত্র ১৫ রানেই আউট ক্লার্ক।
বেন স্টোকসের বলটা ক্লার্কের ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেটকিপার জস বাটলারের হাতে জমা পড়তেই আঙুল তুলে দিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। বলটা ব্যাটে লেগেছে কি না—এ সংশয় থেকেই রিভিউ নিলেন ক্লার্ক। হট স্পট ব্যাট-বলের সংযোগের কোনো চিহ্ন দেখাল না। কিন্তু স্নিকোমিটার দেখাল ব্যাট-বলের সংযোগের ক্ষীণ শব্দ। তাই টিকে রইল ধর্মসেনার সিদ্ধান্ত। দর্শকের গগনবিদারী অভিবাদন নিয়েই সাজঘরে ফিরলেন ক্লার্ক।
ক্লার্ক অল্প রানে ফিরলেও ভালো অবস্থানেই ছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছে সফরকারীরা। ভাবী অধিনায়ক স্টিভেন স্মিথ ৭৮ ও অ্যাডাম ভোজেস ৪৭ রানে অপরাজিত আছেন।
এর আগে ৪৩ রানে ফিরেছেন আরেক বিদায়ী ক্রিকেটার ক্রিস রজার্স। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১১০ রান যোগ করা রজার্স এই ইনিংস খেলার পথেই পেরিয়েছেন ২ হাজার টেস্ট রানের মাইলফলক। লাঞ্চের আগে অবিচ্ছিন্ন থেকে ক্রিকেট-ভক্তদের প্রায় ভুলে যেতে বসা এক স্বাদ দিয়েছেন ওয়ার্নার-রজার্স। ২০০৯ সালের লর্ডস টেস্টের পর এই প্রথম অ্যাশেজের কোনো টেস্টে প্রথম সেশনে কোনো উইকেট পড়েনি। এর মাঝে দুই দল খেলে ফেলেছে ২৩ টেস্ট।
চা-বিরতির আগে মঈন আলীর শিকার ডেভিড ওয়ার্নার ১৩১ বলে করেছেন ৮৫ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো, স্টার স্পোর্টস।