শেহজাদ-হাফিজে পর্যুদস্ত কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পথে শেহজাদ আহমেদের আরেকটি শট। আট ম্যাচে পাকিস্তানি ওপেনারের এটি তৃতীয় সেঞ্চুরি l এএফপি
সেঞ্চুরির পথে শেহজাদ আহমেদের আরেকটি শট। আট ম্যাচে পাকিস্তানি ওপেনারের এটি তৃতীয় সেঞ্চুরি l এএফপি

নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। কিন্তু পুরোনো ভেন্যুতে পাকিস্তান ঠিক আগের পাকিস্তানই।
অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে দুই টেস্টের সিরিজ জেতা দলটি আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে করল দুর্দান্ত সূচনা। টানা তৃতীয় টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামা মিসবাহ-উল-হক কাল জিতলেন টানা তৃতীয় টস। আগের দুই ম্যাচের মতোই এবারও ব্যাটিংটাই বেছে নেন পাকিস্তানের অধিনায়ক। এরপর সারা দিনে একমাত্র মোহাম্মদ হাফিজের উইকেটটি হারিয়ে ২৬৯ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা হয়ে রইল পুরোই পাকিস্তানময়।
সারা দিনে নিউজিল্যান্ড বোলারদের একমাত্র সাফল্য পাকিস্তানিদের একমাত্র আফসোসও। দিনের দ্বিতীয় সেশনে কোরি অ্যান্ডারসনকে ফিরতি ক্যাচ দিয়েছেন হাফিজ। ওপেনার হিসেবে সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র ১৫০ রান করা হাফিজ মাত্র ৪ রানের জন্য পেলেন না ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি! হাফিজ না পারলেও অষ্টম টেস্টেই তৃতীয় সেঞ্চুরিটা পেয়ে গেছেন শেহজাদ। ২২১তম বলে তিন অঙ্ক ছোঁয়া শেহজাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছিলেন। পাকিস্তানের সর্বশেষ ম্যাচে জোড়া সেঞ্চুরি করা আজহার আলী অপরাজিত আছেন ৪৬ রানে।
সারা দিনে মাত্র ১ উইকেট পেলেও সকালের সেশনে নিয়ন্ত্রিত বোলিংই করেছিলেন কিউই বোলাররা। তবে সূর্য মাথার ওপরে উঠতেই আলগা হয়েছে সেই নিয়ন্ত্রণ। ভাগ্যের সহায়তাও পায়নি তাঁরা। পাকিস্তানের তিন ব্যাটসম্যানকেই একবার করে জীবন দিয়েছে নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়ান শেহজাদ ১৬ রানেই ফিরতেন যদি অফ স্পিনার মার্ক ক্রেগের বলে সহজ স্টাম্পিংটা মিস না করতেন বিজে ওয়াটলিং। শেহজাদ গজ খানেক বাইরে থাকলেও উইকেটকিপার বলটা হাতে জমাতে পারেননি ঠিকমতো। কিছুক্ষণ পর বেঁচে গেছেন হাফিজ। ইশ সোধির বলটা ৩৫ রান করা হাফিজের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে রস টেলরের মুঠোবন্দী হওয়ার আগে ছুঁয়ে যায় মাটি। টিভি রিপ্লেতেই পরিষ্কার হয় এটা। দিনের শেষ ভাগে আজহার বেঁচেছেন ওয়াটলিংয়ের আরেকটি ব্যর্থতায়। এএফপি, ক্রিকইনফো, টেন ক্রিকেট।