শেহজাদকে হারাল আফগানিস্তান

>বিশ্বকাপে আফগানদের জন্য বড় এক দুঃসংবাদই এসেছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটকিপার মোহাম্মদ শেহজাদের। প্রথম দুই ম্যাচ হারা আফগানদের জন্য এটি একটা বড় ধাক্কাই।
আফগানিস্তান দলের জন্য বড় ধাক্কাই এটি। একে তো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই পরাজয়, তাঁর ওপর দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ নাকি চোটে পড়েছেন। যেমন–তেমন চোট নয়, বিশ্বকাপের স্বপ্নটাই শেষ হয়ে গেছে তাঁর। হাঁটুর চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে।
২০১৫ সালের পর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৩১ বছর বয়সী শেহজাদ। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও বড় ভরসা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেননি । অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডাক’, আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রান করে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। তবে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই ক্রিকেট মহলে পরিচিত শেহজাদ। নিজের দিনে প্রতিপক্ষের জন্য হতে পারেন আতঙ্কের কারণ!
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে এখনো সাত ম্যাচ বাকি আফগানিস্তানের। তাই এমন খবরে একটু চিন্তা তো হওয়ারই কথা আফগানদের। শেহজাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান ইকরাম আলী খিল। গত বছর আয়ারল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এই ক্রিকেটারের। ২০ বছর বয়সী এই খেলোয়াড় এখন পর্যন্ত এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ২টি !