শেহজাদের পর মিসবাহ-ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই ওভারে সেঞ্চুরি করেছেন দুজন। আর ইউনিস ও মিসবাহর অবিচ্ছিন্ন জুটিতেই দিন শেষে রানের পাহাড়ে পাকিস্তান l এএফপি
একই ওভারে সেঞ্চুরি করেছেন দুজন। আর ইউনিস ও মিসবাহর অবিচ্ছিন্ন জুটিতেই দিন শেষে রানের পাহাড়ে পাকিস্তান l এএফপি

৪০ পেরিয়েছেন মাস পাঁচেক আগে। কিন্তু ইদানীং ব্যাট হাতে মিসবাহ-উল-হক যেন ২০ বছরের তরুণ! অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সেই একই ভেন্যুতে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তান অধিনায়ক। সঙ্গে দুর্দান্ত ফর্মে থাকা ইউনিস খানের আরও একটা সেঞ্চুরি, আহমেদ শেহজাদের ক্যারিয়ার-সেরা ইনিংস মিলিয়ে দ্বিতীয় দিন শেষে আবুধাবি টেস্টের লাগাম পুরোপুরি পাকিস্তানের হাতে। ৩ উইকেটে ৫৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান, জবাবে দিন শেষে নিউজিল্যান্ডের রান বিনা উইকেটে ১৫। এ টেস্টে হার বাঁচাতে হলে বহু পথ পাড়ি দিতে হবে কিউইদের।
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড। প্রতিপক্ষ বদলালেও পাকিস্তানি ব্যাটসম্যানরা আছেন রুদ্রমূর্তিতেই। শেহজাদের সেঞ্চুরিটা হয়ে গিয়েছিল আগের দিনই। ১ উইকেটে ২৬৯ রান দিয়ে দিন শুরু করা পাকিস্তানের হয়ে কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন শেহজাদ। কিন্তু ১৭৬ রানের সময় কোরি অ্যান্ডারসনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে পড়ে যান তিনি। হিট উইকেট হন দুর্ভাগ্যজনকভাবে। দুর্দান্ত একটা দিনে পাকিস্তানের জন্য একমাত্র দুঃসংবাদও শেহজাদের ওই চোট। পরীক্ষায় মাথার খুলিতে হালকা চিড় পাওয়া গেছে তাঁর। দুদিন পর্যবেক্ষণের পর জানা যাবে সেটা কতটা গুরুতর। এর আগেই অবশ্য আরও একটা রেকর্ড হয়ে গেছে পাকিস্তানের। আগের দিন প্রথম উইকেট পড়েছিল ১৭৮ রানে। কাল শেহজাদ আউট হয়েছেন দলীয় ৩৪৭ রানে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রথম ২ উইকেটেই দেড় শতাধিক রানের জুটি এবারই প্রথম।
শেহজাদ আউট হওয়ার পরের গল্পটা শুধুই মিসবাহ ও ইউনিসের। দুই ‘বুড়ো’ ব্যাটসম্যান চতুর্থ উইকেটে গড়েছেন ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি। কে যে কার আগে সেঞ্চুরি করবেন নেমেছিলেন যেন সেই প্রতিযোগিতায়। একটা সময় দুজনেই ছিলেন ৯৯ রানে, সেঞ্চুরিটাও পেয়েছেন একই ওভারে। সর্বশেষ ৫ ইনিংসে ইউনিসের চতুর্থ সেঞ্চুরি এবং মিসবাহর টানা তৃতীয় সেঞ্চুরির পরেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
ক্লান্তিকর বোলিংয়ের দিনে নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন কোরি অ্যান্ডারসন ও ইশ সোধি। তবে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন সোধি। তাঁর বলেই দুবার মিসবাহর ক্যাচ পড়েছে। প্রথমবার পাকিস্তান অধিনায়ক ছিলেন ১৭ রানে, পরেরবার ২০ রানে! টেন ক্রিকেট, ক্রিকইনফো।