শেহজাদের ব্যাটে নাজেহাল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর আহমেদ শেহজাদকে অভিনন্দিত করছেন মোহাম্মদ হাফিজ। ছবি: এএফপি
সেঞ্চুরির পর আহমেদ শেহজাদকে অভিনন্দিত করছেন মোহাম্মদ হাফিজ। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয় পাকিস্তানের মানসিক শক্তিকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে, আবুধাবিতে এসে সেটাই যেন দেখছে নিউজিল্যান্ড। সিরিজটি যে তাদের জন্য কঠিন পরীক্ষা হয়েই এসেছে সেটাই যেন আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দারুণ ফর্মে থাকা পাকিস্তানি ব্যাটসম্যানরা। আহমেদ শেহজাদের অপরাজিত সেঞ্চুরি আর মোহাম্মদ হাফিজ ও আজহার আলীর ব্যাটিংয়ে আবুধাবি টেস্টের প্রথম দিনটা নিজেদেরই করে নিয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৬৯। শেহজাদ অপরাজিত আছেন ১২৬ রানে।

গোটা দিনে পাকিস্তানের রান উঠেছে ২.৯৮ হারে। তবে বড় সংগ্রহের ক্ষেত্রটা এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছেন পাকিস্তানিরা। মোহাম্মদ হাফিজ ৯৬ রানে ‘নার্ভাস নাইন্টিজে’র শিকার না হলে এই সংগ্রহটা আরও বড় হতে পারত।
আবুধাবির তপ্ত আবহাওয়ায় টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ড বোলারদের জন্য ছিল সংগ্রামেরই। দলের একমাত্র সফল বোলার কুরে অ্যান্ডারসন। ৩১ রানে তিনি নিয়েছেন একমাত্র উইকেটটি। বাকি বোলাররা সারাটা দিনই ঘাম ঝরিয়েছেন মরুভূমির বুকে।

শেহজাদ সারাটা দিন খেলেছেন ২৯০ বল। ১২৬ রান করতে তিনি চারের মার মেরেছেন ১৪টি। হাফিজ ৯৬ রান করেছেন ১৩৭ বল খেলে, ১০ চারের মারে। আজহার দিন শেষে শেহজাদের সঙ্গী হয়ে আছেন ৪৬ রানে অপরাজিত থেকে। বল তিনি ইতিমধ্যেই খেলে ফেলেছেন ১১৪টি। সূত্র: এএফপি।