চতুর্থবার আর পার পেলেন না আহমেদ শেহজাদ। স্লিপে এবার ক্যাচটা ঠিকই নিয়ে নিলেন শাই হোপ। ফল, পাকিস্তানি ওপেনারকে থামতে হলো ৭০ রানে। ওয়েস্ট ইন্ডিয়ান বোলার-ফিল্ডারদের ঔদার্যে তিন-তিনবার জীবন পেয়েও টেস্ট সেঞ্চুরির সংখ্যাটা চার বানাতে পারলেন না শেহজাদ।
শেহজাদ পারেননি। তবে পরশু ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় দিনটা সেঞ্চুরির সুবাস নিয়েই শেষ করেছিলেন তাঁর ওপেনিং সঙ্গী আজহার আলী। দিন শেষে ৮১ রানে অপরাজিত ছিলেন আজহার। সঙ্গী অধিনায়ক মিসবাহ-উল-হক অপরাজিত ৭ রানে। ৩ উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করা পাকিস্তান তখনো অবশ্য ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ছিল ১৪০ রানে।
৬ উইকেটে ২৮৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা অলআউট হয় ৩১২ রানে। প্রথম দিন শেষে ১৩১ ও ৫৮ রানে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান রোস্টন চেজ ও জেসন হোল্ডার আউট হয়েছেন আগের দিনের স্কোরেই।
শেষ ঘণ্টাটা বাদে দিনের বাকিটা ক্যারিবীয়দের শুধু হতাশাই উপহার দিয়েছে। মিড অনে বিশল সিং ক্যাচ না ফেললে তৃতীয় ওভারেই ৩ রানে ফিরতে পারতেন শেহজাদ। এরপর ২১ রানে এলবিডব্লু ও ৩২ রানে স্টাম্পড হয়েও নো বলের সৌজন্যে বেঁচে যান। প্রথম ‘অপরাধী’র নাম শ্যানন গ্যাব্রিয়েল, দ্বিতীয়জন রোস্টন চেজ।
শেহজাদের ভাগ্যে উদ্বোধনী জুটিতে পাকিস্তান তুলে ফেলে ১৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের সেরা সময়টা আসে এরপরই। ১৫৫ থেকে ১৬১—এই ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর খোলসে ঢুকে যায় পাকিস্তানিরা। দিনের শেষ ৫৬ বলে মাত্র ১১ রান তোলেন আজহার-মিসবাহ। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৮.৫ ওভারে ৩১২ (চেজ ১৩১, হোল্ডার ৫৮; আব্বাস ৪/৫৬, আমির ৩/৬৫)। পাকিস্তান ১ম ইনিংস: ৬৯ ওভারে ১৭২/৩ (আজহার ৮১*, শেহজাদ ৭০; বিশু ২/৫৩)।
(দ্বিতীয় দিন পর্যন্ত)
সর্বশেষ
ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গেছেন আজহার আলী। তবে মাত্র ১ রানের জন্য টেস্ট সেঞ্চুরিটা পেলেন না অধিনায়ক মিসবাহ-উল-হক। ১০৫ রান করে আজহার আউট হয়েছেন দেবেন্দ্র বিশুর বলে। মিসবাহকে ফিরিয়েছেন জেসন হোল্ডার। এর আগের টেস্টের প্রথম ইনিংসেও ৯৯ রানে অপরাজিত ছিলেন মিসবাহ। এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে পাকিস্তানের রান ৫ উইকেটে ৩১৬।