শোক সামলে পরীক্ষায় মনোযোগ সানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত সানি
আরাফাত সানি

পুনর্বাসনপ্রক্রিয়া চলার সময় অসুস্থ বাবাকে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে। বাবা আবদুর রহিম পৃথিবী ছেড়ে চলে গেছেন গত সপ্তাহে। শোক কাটিয়ে না উঠতেই ক্যারিয়ারের বড় এক বাধা পেরোতে হচ্ছে আরাফাত সানিকে। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর।
মানসিক বিপর্যয় সামলে সানির সব মনোযোগ এখন পরীক্ষায়, ‘যে যাওয়ার সে চলে যাবে। আমাদের যেহেতু ওপরওয়ালা পৃথিবীতে পাঠিয়েছেন, চলেও যেতে হবে একদিন। এটা নিয়ে মন খারাপ ছিল। কিন্তু আমার কাজটাও তো করতে হবে। সামনে পরীক্ষা, সেটাতেই মনোযোগ দিচ্ছি।’
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই রুয়ান কালপাগের অধীনে শুরু হয়েছিল সানির বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার প্রক্রিয়া। দুটি সেশন করেই দেশে ছুটি কাটাতে যান সদ্য সাবেক হওয়া জাতীয় দলের এই শ্রীলঙ্কান স্পিন কোচ। কালপাগে ছুটিতে থাকলেও ছেদ পড়েনি সানির পুনর্বাসনপ্রক্রিয়ায়। রোজার ঈদের পর কালপাগে আর আসেনইনি। তবে কোচ না থাকলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি হয়নি তাঁর, ‘ওঁকে (কালপাগে) বোলিংয়ের ভিডিও ফুটেজ পাঠাতাম নিয়মিত। ভিডিও দেখে পরামর্শ দিতেন। তাঁর সঙ্গে যোগাযোগ সব সময়ই ছিল। তবে তিনি কাছে থাকলে বা তাঁর চলে যাওয়ার পর কেউ থাকলে অনেক উপকার হতো। অবশ্য এখানে আমার বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ হয়েছে। নাসু ভাই (বিসিবির এমআইএস ম্যানেজার), সালাউদ্দিন ভাই (স্থানীয় কোচ) অনেক পরামর্শ দিয়েছেন।’

তাসকিন আহমেদের সঙ্গে সানি অস্ট্রেলিয়া রওনা হবেন ৫ সেপ্টেম্বর রাতে। সানি জানালেন, প্রায় পাঁচ মাসের পুনর্বাসন শেষে কিছু পার্থক্য এসেছে তাঁর বোলিং অ্যাকশনে, ‘আমার যে সমস্যা ছিল সেটা নিয়ে কাজ করছি। বোলিং করার সময় আগে পা সোজা পড়ত, এখন সমান্তরালে পড়ছে। এটা যদি ঠিকমতো করতে পারি, আশা করি বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে।’

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষার ফলও আত্মবিশ্বাস জোগাচ্ছে সানিকে। পরীক্ষায় সন্তোষজনক মনে হয়েছে তাঁর বোলিং অ্যাকশন। অতীতে দেখা গেছে, বোলিং অ্যাকশনে শুধরে আসা অনেক বোলারই হারিয়ে ফেলেছেন আগের ধার। তবে বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনারের আশা, তাঁর বোলিং ধার হারাবে না, ‘শুধু আমি নই, এর আগে অনেক বোলার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সবাই ফিরেও এসেছে। আমিও ভালোভাবে ফিরব।’