শোয়েবকে 'বাগে' আনতে চায় পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব আকতার
শোয়েব আকতার

শোয়েব আকতারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে বাড়ি দেওয়াসহ বিভিন্ন ‘অপরাধে’ শোয়েব আকতারকে ক্রিকেট থেকে নির্বাসনে পাঠিয়েছিল পিসিবি। জরিমানা করেছিল ৭০ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু সেই পিসিবিই এখন শোয়েবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। পুরোনো বিবাদ ভুলে গিয়ে খ্যাপাটে এই সাবেক ফাস্ট বোলারকে ‘কাজে লাগাতে’ চায় শাহরিয়ার খানের নেতৃত্বাধীন পিসিবি।
শোয়েবের মোট পাওনা-গন্ডা থেকে পিসিবি যে ৭০ লাখ রুপি কেটে নিয়েছিল, সেটা নিয়ে লাহোর কোর্টে এক মামলা বেশ অনেক দিন ধরেই চলেছে। শোয়েবের দায়ের করা এই মামলার রায়ও গেছে তাঁর পক্ষেই। রায়ে পুরো ৭০ লাখ রুপি ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। আদালতের রায় মেনে এই অর্থ পিসিবি ফিরিয়ে দিতে প্রস্তুত হলেও শোয়েবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদটা নাকি অন্য জায়গায়। ধারাভাষ্যকার হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠায়, সেই জনপ্রিয়তাকে এখন কাজে লাগাতে চাচ্ছে পিসিবি।
ধারাভাষ্যে শোয়েব পিসিবির বিরুদ্ধে কিন্তু সব সময়ই খড়্গহস্ত। সুযোগ পেলেই ধুয়ে দেন বোর্ডকে। ব্যাপারটা অনেক সময়ই বিব্রতকর হয়ে দেখা দেয় বোর্ডের জন্য। শোয়েবকে বুঝিয়ে-শুনিয়ে ‘বাগে’ নিয়ে এই বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেদের বের করে নিয়ে আসতে চায় পিসিবি।
বোর্ড সভাপতি শাহরিয়ার খানকে অনেকেই নাকি বলেছেন শোয়েবের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলে তাঁকে কাজে লাগাতে। তাঁকে বোর্ড কার্যালয়ে ডেকে চা-টা খাইয়ে মাথায় হাত বুলিয়ে সমালোচনা না করার অনুরোধ করতে। বিনিময়ে পদ-পদবির প্রস্তাব তো থাকবেই। ওই সত্তর লাখ রুপি ফেরত দেওয়ার চাপ থেকে মুক্তি পাওয়ারও একটা ব্যাপার থাকছে। যদি শোয়েবকে বলে-কয়ে চল্লিশ লাখে রফা করা যায়!
তবে খবরে প্রকাশ, পিসিবির এমন চিন্তা-ভাবনার খবরে আরও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় নামছেন শোয়েব। আদালতের রায় অনুযায়ী পাওনা ৭০ লাখ রুপির চেয়ে এক রুপিও কম না নেওয়া সিদ্ধান্তটা তিনি নিয়েই রেখেছেন। সূত্র: পিটিআই।