শৈশব ফিরে পেয়ে আবেগাপ্লুত মুশফিক

সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়ে জিলা স্কুল ছাড়েন মুশফিকুর রহিম। ছাড়তে হয় শৈশবের প্রিয় সহপাঠীদের। সময় পরিক্রমায় মুশফিক আজ ক্রিকেট তারকা। যতই তারকা হন, ভুলতে পারেননি প্রিয় জিলা স্কুলের স্মৃতি। ভালোবাসার টানে আজ মঙ্গলবার শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুশফিক। যেন ফিরে যান সেই সব শৈশবের দিনগুলোতে।
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই অসুস্থ। তবুও বিশ্রাম নেওয়ার সুযোগ খুব একটা পাননি। কয়েক দিন ধরেই ব্যস্ত নানা সংবর্ধনা আর পারিবারিক অনুষ্ঠানে। সময় বের করে আজ গিয়েছিলেন শৈশবের স্মৃতিঘেরা বিদ্যালয়ে। সহপাঠী আর প্রিয় শিক্ষকদের সান্নিধ্য আবেগ আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
অবশ্য খুদে ভক্তদের অটোগ্রাফ আর সেলফির আবদারও মেটাতে হয় এ সময়। অটোগ্রাফ-ছবি তোলার ফাঁকেই প্রিয় শিক্ষকদের সঙ্গে বিদ্যালয় ঘুরে দেখেন। প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। বেলা ১২টায় বগুড়া জিলা স্কুলে মুশফিককে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাঁর সহপাঠী ও জিলা স্কুলের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নিল’।
শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিক বললেন, ‘সাফল্যের সহজ কোনো পথ নেই। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে সামনে এগোতে হবে। সাফল্য আসবেই।’ বিশ্বকাপে সাফল্য প্রসঙ্গে বললেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করার পুরো কৃতিত্ব ১৬ কোটি মানুষের। তাঁদের সমর্থন ও ভালোবাসায় আমরা এতটা ভালো করেছি।’ তবে এখানেই শেষ নয়। জানালেন, সাফল্য যাত্রা অব্যাহত রাখতে চান সামনের সিরিজগুলোতেও।