শোকের ম্যাচে জিতল কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

‘দেশে সন্ত্রাসবাদের হুমকি, তাই আমরা পাকিস্তানের বাইরে খেলছি। এখন যদি আমরা দেশের বাইরেও সন্ত্রাসীদের ম্যাচ পণ্ড করার সুযোগ করে দিই, তবে তো সবই হারিয়ে ফেলব আমরা।’
সন্ত্রাস-জঙ্গিবাদের কাছে হার না-মানা এই মানসিকতার কারণেই কাল শেষ পর্যন্ত মাঠে গড়াল পাকিস্তান-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডেটি। পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের নির্বিচার হত্যাকাণ্ডের পরের দিন ম্যাচটি খেলায় অনীহাই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু শেষ পর্যন্ত সম্প্রচার বাধ্যবাধকতা ও নিউজিল্যান্ড বোর্ডের পরামর্শে খেলতে রাজি হয়েছে পিসিবি। সিদ্ধান্ত হয়েছে ম্যাচের আয়ের সবটাই দেওয়া হবে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্কুলকে।

ব্রায়ান লারা
ব্রায়ান লারা


শোককে সঙ্গী করেই কাল আবুধাবিতে হয়ে গেল জমজমাট এক ওয়ানডে। আর যাতে ৭ রানে জিতে সিরিজে সমতা এনেছে নিউজিল্যান্ড। নিহতদের স্মরণ করে শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করে নিউজিল্যান্ড। ৩০০ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল ইউনিস খান ও শহীদ আফ্রিদির ব্যাটে। ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর উমর আকমলের সঙ্গে ৯০ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর প্রাথমিক কাজটা সারেন ইউনিস খান। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়া ইউনিস এরপর আফ্রিদিকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭ ওভারে ৬৬ রান যোগ করেন। ২৫ বলে ৪৯ রান করেন আফ্রিদি। ৩৭ বছর বয়সী ইউনিস ১১৭ বলে ১০৩ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন। এরপর সরফরাজ, তানভীর, আনোয়ার আলীরা চেষ্টা করলেও পরাজয় সঙ্গী হয়েছে পাকিস্তানের।
এর আগে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০৫ বলে ১২ চারে ১২৩ রান তিনে নামা উইলিয়ামসনের। মার্টিন গাপটিল (৫৮) ও ডিন ব্রাউনলি (৪২) উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডকে এনে দেন ৮১ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই রস টেলর (২৬), কোরি অ্যান্ডারসন (২৩) ও টম ল্যাথামকে (১৪*) নিয়ে দলের রানটাকে তিন শর কাছে নিয়ে যান অধিনায়ক। টেন ক্রিকেট, এএফপি।