শোয়েব মালিকের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করতে চান বাবর

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে বিশ্বকাপের দলে জায়গাই হচ্ছিল না তাঁর। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শুধু খেলোয়াড় হিসেবেই নয়, অন্য এক ভূমিকাতেও ‘ডাবল ডিউটি’ পালন করতে হবে শোয়েব মালিককে!


ব্যাপারটা তেমনই। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শোয়াইব মাকসুদ, তাঁর জায়গাতেই শেষ মুহূর্তে দলে এসেছেন শোয়েব মালিক। দলে বেড়েছে অভিজ্ঞতা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সেই অভিজ্ঞতার ঝুলিকেই পূর্ণভাবে ব্যবহার করতে চাইছেন।

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক
ফাইল ছবি: এএফপি

শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে শোয়েব মালিকের কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। টি-টোয়েন্টি নিয়ে শোয়েবের অভিজ্ঞতার গুরুত্বটাই তুলে ধরেছেন তিনি, ‘শোয়েব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে সন্দেহাতীতভাবেই তাঁর অগাধ জ্ঞান।’


প্রতিটি ম্যাচের আগে কৌশল নির্ধারণ করার সময় শোয়েব মালিক এবং বাকি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পরামর্শ করা হতে পারে বলেও জানান তিনি, ‘দলে শোয়েব মালিকের যোগদান অবশ্যই পুরো দলকেই উদ্দীপ্ত করবে। তার অভিজ্ঞতা দলের জন্য খুবই ভালো একটি ব্যাপার।’

বাবর আজম
ফাইল ছবি: এএফপি

শুধু শোয়েবই নয়, আরও বেশ কিছু ব্যাপার নিয়ে এদিন কথা বলেছেন বাবর। প্রসঙ্গক্রমে উঠে এসেছে ফর্মে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের কথাও। সংবাদ সম্মেলনে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মোহাম্মদ রিজওয়ানের ভূয়সী প্রশংসা করেছেন বাবর, ‘সে বর্তমানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমি দলকে একটি শক্ত ভিত্তি গড়ে দেওয়ার জন্য, তার সঙ্গে জুটি গড়ার জন্য মুখিয়ে আছি।’


নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা বাবর আজম দলকে নেতৃত্ব দিতে পেরে খুবই ভাগ্যবান বলে মনে করছেন, ‘নিজের প্রথম বিশ্বকাপেই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য খুবই বড় একটি দায়িত্ব। আমার ফর্মটাও এখন বেশ ভালো এবং আমি নিয়মিত রান পাচ্ছি।’

মোহাম্মদ রিজওয়ান
ছবি: টুইটার

প্রথমবারের মতো খেলতে এলেও বাবরের লক্ষ্য বহুদূর। দল হিসেবে ২০০৯ সালের মতো পারফর্ম করতে চান বাবর, যেবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, ‘আমরা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে সেবারের মতো পারফরম্যান্স করতে চাই আবারও। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তানের জন্য ছিল একটি বিশাল ব্যাপার।’


দুবাই যাওয়ার আগে শেষ মুহূর্তে পাকিস্তান দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দলে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান ও ব্যাটসম্যান হায়দার আলী। দলে পরিবর্তন এলেও সবকিছু নিয়ে বেশ আশাবাদী বাবর, ‘নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সিরিজগুলো না হওয়ায় আমরা জাতীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করি, যেন আমরা বুঝতে পারি বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড়েরা ফর্মে আছে কি না। কেউ কেউ খুবই ভালো ফর্মে ছিল, কেউ কেউ ছিল না। তাই আমরা দলে কিছু পরিবর্তন এনেছি।’


২৪ অক্টোবর সুপার টুয়েলভ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু হবে তাদের।