প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদানীং ভারত প্রসঙ্গ এলেই শোয়েব আখতারের মুখে প্রশস্তির খই ফোটে। চিরদিনের আগ্রাসী মনোভাবের শোয়েবের মুখে এমন প্রশংসাকে অনেকেই বাঁকা দৃষ্টিতে দেখেন। বীরেন্দর শেবাগ তো রাখঢাক না রেখে বলেই ফেলেছেন, টাকার লোভেই শোয়েবের মুখে ভারতের প্রশংসা! শুধু শোয়েবই নন, অন্য পাকিস্তানিরাও ভারতের বাজার ধরার জন্য ভালো ভালো কথা বলেন। সাবেক ভারতীয় ওপেনারের এমন চাঁছাছোলা মন্তব্য ভালো লাগেনি শোয়েবের। মনের দুঃখে টুইট করেছেন, ‘আমরা (পাকিস্তানিরা) টাকার জন্য ভারতের ক্রিকেটারদের প্রশংসা করি...শেবাগের মতো বড় ক্রিকেটারের খুব অপরিণত কথা।’ অভিমান করে টুইট করলেও শেবাগের নামের আগে ‘বড়’ বিশেষণ দিতে ভোলেননি শোয়েব। ঘটনার শেষ হয়নি এখানেও, একটু পর সে টুইট মুছে দিয়ে নাটক জমিয়ে তুলেছেন শোয়েব। জি-নিউজ