শোয়েবের চেয়ে জোরে বল করতে পারেন উমেশ যাদব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পেসার উমেশ যাদব। ছবি: এএফপি
ভারতের পেসার উমেশ যাদব। ছবি: এএফপি

২০০৩ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বলটা করেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'খ্যাত শোয়েব আখতার। এ ডেলিভারিটা তাঁকে এনে দেয় বিশ্বের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন বোলারের তকমা।


এরপর কতো কিছু হয়ে গেছে! অস্ট্রেলিয়া আরও তিনবার বিশ্বকাপ জিতেছে, টি-টোয়েন্টির আবির্ভাব হয়েছে, বিশ্ব দেখেছে আরও অনেক দ্রুতগতিসম্পন্ন বোলারের উত্থান। কিন্তু কেউই শোয়েবের সেই ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করার রেকর্ড ভাঙতে পারেননি।

শোয়েবের পর গত কয়েক বছরে শন টেইট, মিচেল জনসন, ফিদেল এডওয়ার্ডস, কেমার রোচ, শেন বন্ড, ডির্ক ন্যানেস, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা, আন্দ্রে নেলের মতো একাধিক বোলার আসলেও কেউই শোয়েবকে তাঁর সিংহাসন থেকে হটাতে পারেননি। সবচেয়ে দ্রুততম বোলার হওয়ার লক্ষ্যে এখন যেমন চেষ্টা করে যাচ্ছেন মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, লকি ফার্গুসন, জফরা আর্চার, যশপ্রীত বুমরা, নাথান কোল্টার-নাইলরা। এখন পর্যন্ত সবাই ব্যর্থ।

তবে আর দশটা রেকর্ডের মতো শোয়েবের রেকর্ডটাও যে কোনো না কোনো দিন ভাঙবে তা মনে করেন অনেকে। মানুষের ক্ষমতা যে সীমাহীন! শোয়েবের রেকর্ড কে ভাঙবেন, সেটা নিয়ে তাই জল্পনা-কল্পনার শেষ নেই। সাবেক ভারতীয় পেসার এস শ্রীশান্ত যেমন বলে দিলেন, স্বদেশি উমেশ যাদবকে বিশ্বের দ্রুততম বোলার হিসেবে দেখার অপেক্ষা করছেন তিনি।
শ্রীশান্তের মতে, উমেশের ক্ষমতা আছে শোয়েবের রেকর্ড ভাঙার, 'মিচেল স্টার্ক ও উমেশ যাদব শোয়েবের রেকর্ডটা ভেঙে ফেলতে পারে বলে আমার মনে হয়।'

শোয়েবের রেকর্ড ভাঙা হোক বা না হোক, ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো বল করার সামর্থ্য যে উমেশের আছে, তাঁর প্রমাণ তিনি দিয়েছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শ্রীলঙ্কার তিলাকরত্নে দিলশানের বিপক্ষে ঘন্টায় ১৫২.৫ কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি। শোয়েবের চেয়ে যা ঘন্টায় ৮.৮ কিলোমিটার কম।

এর পর আর কখনও অত জোরে বল করা হয়ে ওঠেনি উমেশের। কে জানে, স্বদেশি শ্রীশান্তের কথায় প্রেরণা পেয়ে এভার শোয়েবের রেকর্ড ভেঙে ফেলেন কি না!