শোয়েবের চোখে ভারতের যে ফাস্ট বোলার বিশ্বের সেরা

>টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ভারত এখন দুর্দান্ত এক দল। একটা বড় কারণ দলটার ফাস্ট বোলিং বিভাগ। এর মধ্যে মোহাম্মদ শামিকে এ মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার মনে হচ্ছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের
ভারতীয় কোনো ফাস্ট বোলারকে কেউ বিশ্বের সেরা বলছেন—বছর দু-তিন ধরে সেটি আর নতুন কিছু নয়। কিন্তু এমন কোনো প্রশংসা যখন শোয়েব আখতারের কাছ থেকে আসে, সেটি বিশেষ গুরুত্ব বহন করে বটে!
সেটি শোয়েব পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বলেই নন। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে যে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন শোয়েব, সেটি এখনো সবচেয়ে দ্রুতগতির বলের রেকর্ড। ফাস্ট বোলিংয়ের ব্যাপারে তাই শোয়েবের জানাশোনা কিছু আছে, এমনটা তো ধারণা করাই যায়! সেই শোয়েবের চোখেই ভারতীয় এক ফাস্ট বোলারই এই মুহূর্তে বিশ্বের সেরা। তবে অন্য অনেকের ধারণার সঙ্গে তাল রেখে নামটা যশপ্রীত বুমরা নয়, শোয়েবের চোখে সেরা মোহাম্মদ শামি।
শোয়েব শামিকে প্রশংসায় ভাসাচ্ছেন গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভার নাটক দেখা টি-টোয়েন্টিতে ভারতের জয়ের পর। নির্ধারিত ২০ ওভারের শেষ ওভারটিতে কী অসাধারণ বোলিংই না করেছেন শামি! ক্রিজে তখন নিউজিল্যান্ডের দুই সেট ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেলর। জিততে কিউইদের দরকার ৯ রান। প্রথম বলেই ছক্কা খেয়েছিলেন শামি! কিন্তু সেখান থেকে কী দুর্দান্ত প্রত্যাবর্তন ডানহাতি ফাস্ট বোলারের! দ্বিতীয় বলে এক রান দিলেন, তৃতীয় বলে ফেরালেন ৯৫ রান করা উইলিয়ামসনকে। এরপর পরপর দুটি ডট (যার মধ্যে একটিতে বাই ১ রান হয়েছে)। শেষ বলে ১ রান দরকার নিউজিল্যান্ডের—এমন পরিস্থিতিতে শামি বোল্ড করে দিলেন টেলরকে। যে ম্যাচে অনেকটা সময় ধরে ভারতের হারই মনে হচ্ছিল নিয়তি, দুর্দান্ত শেষ ওভারে সেই ম্যাচটাকে শামি টেনে নিয়ে যান সুপার ওভারে।
নিজের ইউটিউব চ্যানেলে সেটি নিয়েই শোয়েব বললেন, ‘প্রথম বলে টেলর যখন শামিকে ছক্কা মারল, আমি ভেবেছিলাম ম্যাচ শেষ। কিন্তু সেখান থেকেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফিরে এল শামি। ও বুঝেছে, পিচে কিছুটা আর্দ্রতা আছে, যেটা বলকে স্কিড করতে সাহায্য করবে। শুধু ঠিক লেংথে ফেলতে পারলেই হলো।’

উইলিয়ামসনকে ফেরানো বলটা শামি করেছেন উইকেটের বাইরে খাটো লেংথে। এরপর ক্রিজে নতুন আসা টিম সেইফার্টকে করা পরের দুটি বলও একই রকম। শেষ বলে টেলর হয়ে গেলেন প্লেড-অন। ‘আমার শেষ ম্যাচে টেলর আমার বলে অনেকবার মিডউইকেটের দিকে মেরেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে (শামির বলে) ওর ব্যাটে লেগে বলটা স্টাম্পের দিকেই চলে এল। কিন্তু কৃতিত্বটা শামির প্রাপ্য’—বলছিলেন শোয়েব।
২৯ বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলারের প্রশংসা এরপর আরও কিছুক্ষণ চলল শোয়েবের কণ্ঠে, ‘শামি অনেক চালাক একজন বোলার। ও ভারতের অনেক বড় একটা প্রাপ্তি এবং আমার চোখে বিশ্বের সেরা ফাস্ট বোলার। যেকোনো পরিস্থিতিতেই ওকে বল করতে দিন, ও ভালো করবে। সেটা বিশ্বকাপ হোক বা নিউজিল্যান্ডে একটা টি-টোয়েন্টি। অনেক বুদ্ধিমান একজন ফাস্ট বোলার ও। যখন দেখে ওর ইয়র্কার কাজ করছে না, সঙ্গে সঙ্গে বাউন্সার বা লেংথ বল করা শুরু করে।’
ওয়েলিংটনে আজ মাঠে গড়িয়েছে ভারত-নিউজিল্যান্ডের পাঁচ টি-টোয়েন্টির সিরিজের চতুর্থ ম্যাচটি।