শ্রদ্ধা-ভালোবাসায় মণির শেষশয্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল হক মণি
আমিনুল হক মণি

আমিনুল ইসলাম বুলবুলকে খুব স্নেহ করতেন। জাতীয় দল, মোহামেডান বা অন্য যে ক্লাবেই যখন খেলেছেন, সাবেক এই ক্রিকেটারের খোঁজখবর নিতেন আমিনুল হক মণি। রক্তের সম্পর্ক না থাকলেও প্রয়াত এই ক্রিকেট সংগঠক যেন বড় ভাইয়ের মতোই ছিলেন। ‘প্রিয় বড় ভাই’কে শেষবারের মতো দেখবেন বলেই কিনা নিয়তি তাঁকে টেনে আনল ঢাকায়!
বেশ কিছুদিন হলো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতেই থাকেন আমিনুল। পরশু রাতে সেখান থেকে ঢাকায় পা দিয়েই শুনলেন এই মৃত্যুসংবাদ। মোহামেডান ক্লাবে কাল দেখা গেল শোকাতুর আমিনুলকে।
মোহামেডানের পুরোনো সংগঠক আমিনুল হক মণি। এখান থেকেই তিনি ঢুকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সাধারণ সম্পাদক হিসেবে। কাল দুপুরে ক্লাব প্রাঙ্গণে মোহামেডানের স্থায়ী এই সদস্যের জানাজা হয়। এরপর হাটখোলা মসজিদে আরেক দফা জানাজার পর তিনি শেষশয্যায় শায়িত হয়েছেন আজিমপুর গোরস্থানে।
প্রয়াত এই সংগঠককে শেষবারের মতো দেখতে মোহামেডান ক্লাবে ভিড় জমিয়েছিলেন বিসিবির পরিচালক মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, খালেদ মাসুদ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাফুফের সদস্য আনোয়ারুল হক হেলাল, ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিকসহ অনেকে।
৬৮ বছর বয়সী এই সংগঠককে খুব কাছে থেকে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিদায়বেলায় সেই স্মৃতিচারণা করলেন, ‘মণি ভাই ছিলেন অজাতশত্রু। আমার ক্রিকেট যৌবনের পুরোটাই কেটেছে মোহামেডানে। প্রথম থেকেই মণি ভাইকে পেয়েছি। ক্রিকেটে নিবেদিতপ্রাণ এই সংগঠক খেলা খেলা করে বিয়েই করেননি। পুরোদস্তুর ভদ্রলোক বলতে যা বোঝায় এক কথায় তিনি তাই।’
মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বললেন, ‘তিনি ছিলেন আমাদের অভিভাবক। তাঁর মৃত্যুতে মোহামেডান ক্লাব একজন অভিভাবক হারিয়েছে।’
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের আফসোস, ‘মণি ভাই এখানে কিছু নিতে আসেননি, দিতে এসেছিলেন। এমন সংগঠক আর আসবে না।’
ক্রিকেট সংগঠক আমিনুল হকের দূরদর্শিতার প্রশংসা করলেন আহমেদ সাজ্জাদুল আলম, ‘মণি ভাই ১৯৯৬ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং আবাহনী মাঠে ২টি কৃত্রিম টার্ফ বসিয়েছিলেন লিগের খেলা চালাতে। এরই ফল পেয়েছিলাম আমরা ১৯৯৭ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে, কারণ মালয়েশিয়ায় খেলা হয়েছিল অ্যাস্ট্রোটার্ফে। তারপরই তো খুলে গেল আমাদের বিশ্বকাপে খেলার দুয়ার।’
পরশু আমিনুল হকের কয়েক ঘণ্টা আগে অন্যলোকে পাড়ি জমান আরেক ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম বাচ্চু। প্রায় সবার মুখেই একই কথা, চিরকুমার দুই সংগঠকের একই দিনে প্রয়াণে বড় ক্ষতি হলো ক্রীড়াঙ্গনের, ‘দুজনই বহুমুখী প্রতিভাধর সংগঠক। এঁদের শূন্যতা পূরণ হওয়ার নয়।’