শ্রদ্ধার, ভালোবাসার রাইস ভাই
হরিষে বিষাদ ব্যাপারটা বুঝি এমনই। গতকাল সকাল সকাল অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন পর জাতীয় দলের ক্রিকেটে ফেরার। কুয়াশাক্রান্ত মাঠের জন্য আনন্দের অপেক্ষাটা দীর্ঘতর হচ্ছিল। এহেন সময়ে রাইস ভাইয়ের তিরোধানের সংবাদ সেই অপেক্ষাটি থেকে আনন্দ শব্দটিকে বিমোচন করে দিল।
ক্রিকেট নিয়ে এই যে আমাদের উত্তেজক আনন্দ, এর উৎসে রাইসউদ্দিন আহমেদ নামের সদ্য প্রয়াত ৮২ বছর বয়সী ক্রিকেটারের গভীর সংযোগ ছিল। সংগত কারণে তাঁর প্রয়াণ সেই আনন্দের শরীরে বিষাদের গভীর প্রলেপ টেনে দেয়। তিনি স্বনামে তাঁর খেলোয়াড়ি এবং সাংগঠনিক জীবনের বিস্তার ধরে রাখেন। আমার প্রয়োজন নেই সবিস্তার তাঁকে বিধৃত করা। ক্রিকেটের বাংলাদেশ তো তাঁকে চেনে ও জানে। সবার মতো আমিও তাঁকে জানি এবং সামান্য একান্তভাবে জানি। সে জানাটা স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রিকেটে মলিন আগন্তুকের মতো আমার পদচারণে তাঁর অভিভাবকত্বের ছত্রচ্ছায়ার কল্যাণে। সে ছত্রচ্ছায়া সরে যাওয়ার ব্যথাটা বুকে বাজার তাড়নায় কিছু বলতে ইচ্ছা হচ্ছে। কিছু বলার অর্থ হচ্ছে পেছনে ফিরে আমাদের ক্রিকেটের হতদরিদ্র অবস্থা থেকে অনেকটা স্বস্তিদায়ক অবস্থানে পৌঁছানোর কথা বলা। সে পথের অন্যতম নির্মাতা রাইসউদ্দিন আহমেদ, তাঁর কথা বলা।
তাঁকে ক্রিকেটের কর্তৃপক্ষজ্ঞানে দেখে আসছি অর্ধশতাব্দী আগের ঢাকা স্টেডিয়াম থেকে। উৎসুক বালকের চোখে তিনি ইগলেটস ক্লাবের চালিকা শক্তি। কারদার সামার ক্রিকেটে সেই ক্লাবের আয়োজনে পাকিস্তান-করাচি-লাহোর থেকে দল এসে ঢাকায় খেলত। ক্লাব ও বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলতে খেলতে তিনি ক্রিকেট সংগঠক হিসেবে তখনই পরিচিত। ক্রিকেট তখনো বাঙালির চিত্ত চাহিদার তালিকার তলানিতে। সেই খেলাটি স্বাভাবিকভাবে স্বাধীনতার পর অস্তিত্বের সংকটে পড়লে সেই সংকট মোচনের সংগ্রামে রাইসউদ্দিন আহমেদকে অন্যতম অগ্রণী ভূমিকায় জ্বলজ্বলে দেখা যায়। ক্রিকেট বোর্ড বলতে তখন জাতীয় স্টেডিয়ামের এক কামরার দপ্তর। পার্টিশন করা দুটি প্রকোষ্ঠ। খণ্ডকালীন এক অফিস সহকারী নিয়ে পল্টু ভাই, রাইস ভাই, রেজা ভাইয়েরা বাংলাদেশ ক্রিকেটকে সংগঠিত করা শুরু করেন। স্বেচ্ছাকর্মী কিছু ক্রিকেট-পাগল ক্লাব সংগঠক। জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষের যৎসামান্য অনুদান একমাত্র আর্থিক সংগতি। ‘জনসমর্থন’ বলতে দেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ। এহেন পরিপার্শ্বে মোজাফফর হোসেন পল্টুর পর বিসিসিবির দ্বিতীয় সাধারণ সম্পাদক রাইস ভাই, সেই ’৭৪ সাল থেকে প্রতিদিন নিজের দায়িত্বশীল বিমানের চাকরি শেষ করে প্রতি বিকেলে এসে রাত ৯টা-১০টা পর্যন্ত ক্রিকেটের দপ্তর সামলাতেন। সাংগঠনিক ঝামেলায় আকীর্ণ সে এক মহা দায়। সন্ধ্যার পর সন্ধ্যা গেছে ঢাকা লিগ, জাতীয় প্রতিযোগিতা, আইসিসির সহযোগী সদস্যপদের তদবিরসহ সংশ্লিষ্ট সব দায় সামলাতে। অর্থের জোগাড়, সে ছিল এক মহা বিড়ম্বনা। খুব কাছ থেকে এই কর্মবীরকে সেসব সামলে উঠতে দেখেছি। দেখেছি আমাদের সপ্নপূরণের পথে অসাধারণ পরিশ্রমী দক্ষতায় এগিয়ে নিতে। পারিবারিক জীবন তাতে অনেক মসৃণতা হারিয়েছে। যখন প্রথম এমসিসি দল আসে আমাদের আইসিসির স্বীকৃতির প্রথম ধাপ হিসেবে, তখন কী অদৃশ্য জাদুবলে তিনি সেই আয়োজন সফলভাবে সামলেছেন, আমরা অবাক চোখে চেয়ে চেয়ে দেখেছি। সুযোগ-সুবিধা ছিল অবিশ্বাস্য রকমের সীমিত, কিন্তু তিনি সামলেছেন।
আমাদের সাংগঠনিক কাঠামো আর আমাদের বিশ্বমঞ্চে পদার্পণের ভিত্তিমূল চিত্রণ ছাড়াও বাংলাদেশ বিমান ক্রিকেট দল গঠন রাইস ভাইয়ের বিশেষ ক্রিকেটীয় কীর্তি। বিমানকে ঘিরে আমাদের ক্রিকেটাররা প্রথম পেশাদারত্বের স্বাদ পান। সে সাতকাহনে আর নাই-বা গেলাম।
ব্যক্তি রাইস ভাইয়ের পরিশীলিত ক্রীড়াবিদসুলভ ভদ্রতা আমাদের ক্রীড়াঙ্গনের সবিশেষ জানা। কিন্তু আমরা যারা তাঁর স্নেহসিক্ত ছিলাম, তাদের কাছে তিনি সেসব বিশেষণের অধিক কিছু। আমাদের প্রজন্মের ক্রিকেট-সংযুক্তি রাইস ভাই দ্বারা অনুপ্রাণিত। ভুলি কেমনে কী গভীর আস্থায় তিনি আমার মতো অতি সাধারণ মানের ২৩ বছরের এক ক্রিকেটারের মাথায় বিসিবির আম্পায়ার কমিটির দায় চাপিয়ে দিয়েছিলেন! ভুলি কেমনে, তাঁরই প্রণোদনায় কোচিং শিখতে ভারতের পাতিয়ালায় আমাকে এবং ওসমান খানকে যেতে হয়েছিল! ভুলি কেমনে, তিনি সশরীর মমতার বশে সেই দূর পরবাসে হাজির হয়েছিলেন আমাদের ভালো-মন্দ জানতে! তারপর আজীবনের ক্রিকেটে উদ্দীপিত হয়েছি তাঁর সাধুসঙ্গে।
আজ তাই হৃদয়োৎসারিত শ্রদ্ধা জানাতে গিয়ে তৃপ্ত হতে পারছি না। অনেক কথাই ঠিকঠাক কলমে আসছে না। রাইস ভাই, আমাদের আজকের অথবা আগামীর ক্রিকেট চাকচিক্যে হয়তো থাকবেন না। কিন্তু আপনি ভাস্বর হয়ে থাকবেন ক্রিকেটের বস্তুনিষ্ঠ ইতিহাসে, থাকবেন তরুণ গবেষকের সত্যনিষ্ঠ উল্লেখে। আর থাকবেন আমার মতো অনুল্লেখ্য ক্রিকেট সেবকদের অনন্ত শ্রদ্ধায়। অনন্তধামে ক্রিকেটানন্দে থাকবেন আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার রাইস ভাই।
● লেখক: সাবেক ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক।