শ্রাবণধারায় ভাসল আরেকটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চনমনে রোদে হঠাৎ ঝলমলে আলো। মেঘের আড়াল ফুঁড়ে উঁকি দেওয়া সূর্য আশার বাতায়ন খুলে দিল। আজ তাহলে খেলা হচ্ছে! কে জানত, ওই আলোর ঝলকানি আসলে শ্রাবণমেঘের ছলনা। ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলাও শেষ পর্যন্ত ভেসে যাবে প্রবল বর্ষণে।
বেলা ১২টার সামান্য বেশি। উইকেটের ওপর থেকে শেষ আচ্ছাদনটুকুও সরিয়ে নিয়ে মাঠ শুকানোর কাজে মনোযোগী হলেন মাঠকর্মীরা। হোটেল ছেড়ে দুই দল ততক্ষণে মাঠে। শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে শুরু হয়ে গেল গা-গরমের পর্ব। শরীরে দেড় দিনের আড়ষ্টতা। বৃষ্টির আলস্য কাটিয়ে মাঠে নামার আগে সেটা তো দূর করা দরকার!
পরশু থেকে চায়ের আড্ডায় মেতে থাকা প্রেসবক্সও একটু একটু করে কর্মমুখী হতে লাগল। চিন্তায় ফিরে এল ক্রিকেট। কয়টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা, কখন শুরু হতে পারে খেলা, খেলা হলে দিন শেষ হওয়া পর্যন্ত কত ওভার হতে পারে? মুস্তাফিজ, জুবায়েরদের নিয়ে আর কতুটকু যেতে পারবেন নাসির? নাকি ডেল স্টেইনের অসমাপ্ত ওভারের শেষ পাঁচ বলেই শেষ হয়ে যাবে বাংলাদেশ দলের প্রথম ইনিংস! এ রকমই পূর্বানুমান চলছিল। তবে ধারাভাষ্যকার আতহার আলীর মস্তিষ্কে তখনো গেঁথে আছে আবহাওয়ার পরবর্তী পূর্বাভাস, ‘ফোরকাস্টে দেখলাম দুপুর ১টায় আবার বৃষ্টি আসতে পারে...।’
আবহাওয়া বার্তাকে সাময়িক ভুল প্রমাণ করে মেঘের খণ্ডগুলো দুপুর ১টার পরও আকাশেই ভেসে বেড়াতে লাগল। দেড়টায় মাঠ পর্যবেক্ষণে নেমে তাই সন্তুষ্ট হয়ে ফিরলেন আম্পায়াররা। তৃতীয় দিনের খেলা শুরুর সময় বেঁধে দিলেন দুপুর ২টা ১৫ মিনিট। পর্যাপ্ত আলো থাকলে খেলা হবে অন্তত ৪৫ ওভার। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে তখনই ব্যাটসম্যানদের নিয়ে বসে গেছেন কোচ। আরেকবার বুঝিয়ে দিলেন করণীয়। যত বেশি সম্ভব সময় খেলে আসা যায়। হাতে থাকা ২ উইকেটে অন্তত তিন শ রান যেন পেরোনো যায়।
কিন্তু শ্রাবণের আকাশে তখনো অনেক ‘কান্না’ জমা। বর্ষার ক্রিকেটকে আরেকবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অঝোর বৃষ্টি নামল পৌনে ২টার দিকে। সেই বৃষ্টি কখনো তীব্র, কখনো হালকা। কিন্তু পুরোপুরি থামার লক্ষণ দেখা গেল না। বেলা ৩টা ৫ মিনিটে চলে এল অনিবার্য ঘোষণা, দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনের খেলাও বাতিল।
দ্বিতীয় টেস্টের তিন দিন শেষ হয়ে গেলেও খেলা হয়েছে শুধু প্রথম দিনে। দ্বিতীয় দিনে বৃষ্টির এমন দাপট ছিল যে কোনো দল মাঠেই আসেনি। কাল একটু আশার ঝিলিক দেখা গেল, খেলোয়াড়েরা মাঠেও এলেন। কিন্তু দিন গেল ক্রিকেটহীন। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দলের ক্রিকেটাররাই তাই কাটাচ্ছেন বিরক্তিকর সময়। খেলার কথা ভাবতে হচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু শেষ পর্যন্ত খেলা হচ্ছে না! নিয়ম করে সকাল ৮টার মধ্যে নাশতা সেরে মাঠে যাওয়ার বাসের জন্য অপেক্ষা। বৃষ্টির কারণে সেই অপেক্ষাটা কেবলই বাড়ে। শেষ পর্যন্ত সারা দিনে খেলাই হয় না, তবু রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হয়। পরের দিন যদি খেলা হয়!
ক্রিকেটের অনিশ্চয়তা বেশির ভাগ সময়ই রোমাঞ্চকর। তবে দোদুল্যমানতা সব রং-রোমাঞ্চ কেড়ে নিয়ে খেলাটাকে করে দেয় আকর্ষণহীন। ঢাকা টেস্ট এখন সে রকমই বিবর্ণ। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হয়ে আজও শ্রাবণধারা ঝরলে শেষ দিনটা পড়ে থাকবে শুধু আনুষ্ঠানিকতার সাক্ষী হতে। সেই আনুষ্ঠানিকতা যে ড্র, কালই তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে।
আবহওয়ার পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে বাকি দুদিন যদি দূরে সরে থাকে বৃষ্টি এবং মাঠের খেলায় ঘটে বিস্ময়কর কিছু, তাহলেই রোমাঞ্চকর কোনো ফল দেখতে পারে মিরপুর টেস্ট।