শ্রীদেবীর প্রতি ভালোবাসা ওয়াকার-শোয়েবের

• গতকাল ৫৪ বছর বয়সে মৃত্যু হয়েছে শ্রীদেবীর।
• তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও।
শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ভারত। শুধু বিনোদন জগৎই নয়, পদ্মশ্রী জেতা এই অভিনেত্রীর বিদায়ে শোকগ্রস্ত দেশটির সর্বস্তরের মানুষ। এ শোক ছড়িয়ে পড়েছে পাশের দেশগুলোতেও। বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষও শ্রীদেবীর কথা ভেবে বিষণ্ন হচ্ছেন, নানাভাবে স্মরণ করছেন তাঁকে। সে দলে আছেন পাকিস্তানের ক্রিকেটারেরাও।
রোববার দুবাইয়ে ৫৪ বছর বয়সে মারা যান শ্রীদেবী। এ ঘটনায় কাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে শোক বার্তার মিছিল। ভারতীয় ক্রীড়াবিদেরাও নিজেদের শোকগাথা, শ্রীদেবীকে নিয়ে তাঁদের সব মধুর স্মৃতি জানিয়েছেন টুইটার, ফেসবুকে। পাকিস্তানি ক্রিকেটাররাও আছেন এ দলে। সাবেক পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস টুইটারে লিখেছেন, ‘শ্রীদেবীর বিদায়ে আমরা খুবই দুঃখিত। তাঁর পরিবারের জন্য আমাদের দোয়া ও প্রার্থনা রইল।’ শোয়েব আখতারও শ্রদ্ধা জানিয়েছেন গত ১০০ বছরে বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীকে, ‘তাঁর অকাল মৃত্যুতে দুঃখ পেয়েছি! রেস্ট ইন পিস শ্রীদেবী।’