শ্রীনাথকে প্রিয় 'আঙুল' দেখালেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পর দেখা হলো দুই সতীর্থের। ছবি: টুইটার
অনেক দিন পর দেখা হলো দুই সতীর্থের। ছবি: টুইটার

শচীন টেন্ডুলকার আর জাভাগাল শ্রীনাথ, নব্বইয়ের দশকের শেষভাগে ভারতীয় দলের দুই ভিত্তি। সে সময় তো এ দুজনকে ছাড়া ভারতীয় দল কল্পনাও করা যেত না। টেন্ডুলকার ছিলেন ব্যাটিংয়ের প্রাণভোমরা, শ্রীনাথ তাঁর পেস বোলিং দিয়ে নেতৃত্ব দিতেন ভারতীয় দলের বোলিংয়ের। এক যুগের বেশি সময় ধরে এই দুজন সতীর্থ হিসেবে সুখ-দুঃখের সঙ্গী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের।

অনেক দিন পর দেখা হলো দুজনের। এই মুহূর্তে দুজনই ক্রিকেটের মাঠ থেকে দূরে সরে গেলেও ব্যস্ত অন্য কাজে। শ্রীনাথ আইসিসির ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন। টেন্ডুলকার তো বেশ আগেই ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত, হয়েছেন ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভার সদস্যও।

শচীন টেন্ডুলকারের করা টুইট
শচীন টেন্ডুলকারের করা টুইট

দেখা হওয়ার স্মৃতিটা শচীন টেন্ডুলকার রেখে দিলেন টুইটারে। শ্রীনাথ তাঁর কাছে চিরদিনের ‘বাবু’। টুইটারে সেই ‘বাবু’ নামটা লিখে নিজের তর্জনী বন্ধুর দিকে তাক করে টেন্ডুলকার লিখেছেন, ‘বাবু সব সময়ই এই আঙুলটা দেখার জন্য অপেক্ষা করে থাকত। আমি আবার ব্যাটসম্যান হিসেবে এটি কখনোই দেখতে চাইতাম না। কিছু মনে করো না, আমি তর্জনীটা শ্রীনাথের জন্যই তুললাম।’