শ্রীনাথের আশায় বসতি
অস্ট্রেলিয়া সফরে এখনো কোনো অফিশিয়াল ম্যাচ জেতা হয়নি ভারতের। বিশ্বকাপ সামনে রেখে এটা বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য চিন্তার কারণই বটে। তবে যে যা-ই বলুন, জাভাগাল শ্রীনাথ অবশ্য আশা হারাচ্ছেন না। সাবেক ভারতীয় পেসার বরং দলকে দিচ্ছেন অনপ্রেরণা, ‘এম এস (ধোনি), রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের নিয়ে আমাদের সেরা ব্যাটিং লাইনআপ। ওরা সবাই বড় ম্যাচের খেলোয়াড় ও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।’
অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সাম্প্রতিক টেস্ট, ত্রিদেশীয় সিরিজটা কি এতটা আশাবাদী হতে দিচ্ছে? শ্রীনাথের কাছে প্রশ্নটাই অবান্তর, ‘বিশ্বকাপ কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ নয়, এটা বুঝতে হবে। প্রতিটি ম্যাচই এখানে ফাইনালের মতো। বিশ্বকাপের দিকে গোটা পৃথিবী তাকিয়ে থাকে। সাম্প্রতিক পারফরম্যান্স যেমনই হোক, ভারত নিজেদের সেরাটাই দিতে চাইবে।’
সেটি হয়তো চাইবে, কিন্তু ম্যাচ জেতাতে বোলারদেরই বড় ভূমিকা দেখতে চান আইসিসির এই ম্যাচ রেফারি, ‘বিশ্বকাপ নিজেদের কাছে রাখতে আমাদের বোলারদেরই পার্থক্যটা গড়ে দিতে হবে। তিন ফাস্ট বোলার রেখেই দলীয় সমন্বয়টা দ্রুত ঠিক করা দরকার।’
বিশ্বকাপে ফেবারিট কারা? ভারতের হয়ে চারটি বিশ্বকাপ খেলা শ্রীনাথ আলাদা করে কোনো দলকেই ফেবারিট বলতে রাজি নন। সুযোগটা খোলা রাখছেন সব বড় দলের জন্যই। পিটিআই।