শ্রীনি বাঁচিয়েছিলেন ধোনিকে!

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব চলে যেতে পারত আজ থেকে তিন বছর আগেই। সিদ্ধান্ত নাকি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তৎকালীন বোর্ড প্রধান এন শ্রীনিবাসনের কল্যাণে সে যাত্রা বেঁচে যান তিনি। দলের মধ্যে দলাদলি আর বাজে পারফরম্যান্সের কারণে নির্বাচকেরা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
২০১১-১২ মৌসুমে প্রথম অস্ট্রেলিয়া ও পরে ইংল্যান্ডের মাটিতে ভরাডুবি হয় ভারতের। অস্ট্রেলিয়ায় ৪-০ ও ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর দলের অবস্থা নাকি তখন ছিল তথৈবচ। দলের মধ্যে অনৈক্য, দলাদলি আর দুর্বল মানসিক অবস্থার বিষয়টি খুব কাছ থেকে অনুভব করেছিলেন নির্বাচকেরা। এমন পরিস্থিতি উত্তরণে ইংল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে প্রতিযোগিতায় ধোনির পরিবর্তে বিরাট কোহলির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সব কিছু যখন নিশ্চিত তখনই এতে হস্তক্ষেপ করেন বোর্ড প্রধান শ্রীনিবাসন। মূলত শ্রীনির কারণেই নির্বাচকেরা সরে আসেন ওই পরিকল্পনা থেকে।
পিটিআইয়ের কাছে পুরো বিষয়টিই জানিয়েছেন সে সময়ের অন্যতম নির্বাচক রাজা ভেঙ্কট। তৎকালীন প্রধান নির্বাচক মহিন্দর অমরনাথই ব্যাপারটা ভেবেছিলেন। তিনি মনে করেছিলেন পারফরম্যান্সের এমন বাজে অবস্থায় দলের মধ্যে কিছুটা নতুনত্ব যোগ করত অধিনায়ক পরিবর্তন। তিনি ইংল্যান্ডে গিয়ে দলের মধ্যে অনৈক্য দেখেও চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি দেখেছিলেন, খেলোয়াড়েরা ছোট ছোট দলে ঘুরে বেড়ায়। অধিনায়ক ধোনির নিয়ন্ত্রণ নেই কোনো কিছুর ওপরই।
আগের মৌসুমে দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের নেতৃত্বে ছিলেন কোহলি। সে প্রতিযোগিতায় কোহলির নেতৃত্বে মুগ্ধ নির্বাচকেরা তাঁকেই বেছে নিতে চেয়েছিলেন ধোনির জায়গায়। ব্যাপারটি তৎকালীন বোর্ড সচিব সঞ্জয় জাগদেলের মাধ্যমে জানানো হয় শ্রীনিবাসনকে। শ্রীনি সেসময় ওই পথে হাঁটতে চাননি। বিষয়টি নিয়ে পিটিআইয়ের প্রশ্নের জবাব দেননি অমরনাথ। তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেই বলেছেন, ‘এমন তথ্য মিডিয়াতে কীভাবে আসল আমি বুঝতে পারছি না। যেভাবেই আসুক আমার এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না বলেই মনে করি আমি।’