শ্রীনিকে আদালতে নিচ্ছেন ডালমিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনি ইস্যুতে আদালতেই যাচ্ছেন ডালমিয়ারা। ফাইল ছবি
শ্রীনি ইস্যুতে আদালতেই যাচ্ছেন ডালমিয়ারা। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটে ক্রমেই ছোট হয়ে আসছে শ্রীনিবাসনের ক্ষমতার ক্ষেত্র। পদে পদে সম্মুখীন হচ্ছেন বিভিন্ন বাধার। এই তো, সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা তাঁর উপস্থিতির কারণেই বাতিল করতে হলো। শ্রীনিবাসনের ঝামেলার বাকি আছে আরও। এবার শ্রীনিবাসনের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন ডালমিয়ারা।
গত শুক্রবার কলকাতায় এক রকম অপদস্থই করা হয়েছিল আইসিসির চেয়ারম্যানকে। সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটির বৈঠকে তাঁর উপস্থিতি মেনে নিতে পারেননি অনেক পরিচালকই। শ্রীনি কেন সেদিন ওই বৈঠকে উপস্থিত হলেন, ডালমিয়াদের আদালতের শরণাপন্ন হওয়ার বিষয় এটিই। ভারতীয় বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া জানিয়েছেন আগামী দুই-তিন দিনের মধ্যেই আদালতে এ বিষয়টি তুলবেন তাঁরা।
আইপিএল দুর্নীতির ইস্যু নিয়েই বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল শ্রীনিকে। তাঁর জামাতা গুরুনাথ মায়াপ্পানকে ইতিমধ্যে ক্রিকেটের সব জায়গা থেকেই নিষিদ্ধ করা হয়েছে। এই কারণেই বোর্ডের সভায় শ্রীনিবাসনের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছিলেন পরিচালকেরা। বোর্ডের পরের সভাগুলোতে শ্রীনি উপস্থিত থাকতে পারবেন কি না, আদালত এখন এ বিষয়টিই সুরাহা করবে।
শুক্রবার মুলতবি হয়ে যাওয়া বোর্ডের কার্যকরী কমিটির সভা কবে অনুষ্ঠিত হবে, এ নিয়েও এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই সভা নতুন করে অনুষ্ঠানের জন্য নাকি দরকার আদালতের ছাড়পত্র—এ কথা জানিয়েছেন বোর্ডের অন্যতম কর্তা রাজীব শুক্লা, ‘আমরা শ্রীনির কারণেই শুক্রবারের সভা মুলতবি করতে বাধ্য হয়েছিলাম। আদালতের ছাড়পত্র ছাড়া এই সভা নতুন করে শুরু করার কোনো সুযোগই নেই।’
গত ফেব্রুয়ারিতেই ভারতের উচ্চ আদালতের এক নির্দেশনায় শ্রীনিবাসনকে ক্রিকেট বোর্ডের যেকোনো কার্যক্রম থেকে বাইরে রাখার কথা বলা হয়েছিল। আর এই ব্যাপারটিই ক্রিকেট বিশ্বে ‘তিন মোড়ল’ তত্ত্বের প্রবর্তক শ্রীনিবাসনের কপাল পুড়িয়েছে তাঁর নিজ দেশেই। সূত্র: এনডিটিভি।