শ্রীনিকে নিয়ে আবারও প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন
এন শ্রীনিবাসন

আইপিএল কেলেঙ্কারির জের ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদটা আগেই হারিয়েছেন। এবার প্রশ্ন উঠে গেল এন শ্রীনিবাসনের আইসিসি চেয়ারম্যান থাকা নিয়েও। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে আইপিএলে শ্রীনির ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের মালিকানাধীন দল চেন্নাই সুপার কিংস। একই অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে রাজস্থান রয়্যালসকেও। এ ছাড়া আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন চেন্নাইয়ের অন্যতম মালিক ও শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।
ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের এ রায় একটা বড় ধাক্কাই শ্রীনিবাসনের জন্য। কারণ, সরাসরি দলকে নয়, কমিশন শাস্তি দিয়েছে আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। চেন্নাইয়ের মালিক হিসেবে সেই নিষেধাজ্ঞার শাস্তিটি পেয়েছে ইন্ডিয়া সিমেন্টস, যার আসল মালিক কিন্তু শ্রীনিবাসনই। একইভাবে রাজস্থানের মালিক হিসেবে শাস্তি পেয়েছে জয়পুর আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে। এ রায়ের পর শ্রীনিবাসন নৈতিকভাবে আইসিসি চেয়ারম্যান পদে থাকতে পারেন কি না, সে প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম। শ্রীনিবাসন অবশ্য বরাবরের মতোই এসব পাত্তা দিচ্ছেন না। রায়ের পর এক প্রতিক্রিয়ায় সিএনএন-আইবিএনকে বলেছেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গে আর জড়িত নই। এ রায়ও আমাকে নিয়ে নয়। আমি কেন আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াব?’
চেন্নাই সুপার কিংসে নিজের মালিকানা ছেড়ে দিয়েছেন—এই যুক্তিতে দায় এড়িয়ে যেতে চাইলেও ম্যাচ পাতানোর ঘটনা যখন প্রকাশ্যে আসে, তখন শ্রীনিই ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। ওই সময়ে বিসিসিআই সভাপতিও ছিলেন তিনি। ম্যাচ ফিক্সিং নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল যে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন, রায়ের পরই সেটির সচিব আদিত্য ভার্মা বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এখন উচিত একটা বিশেষ কমিটি গঠন করা এবং শ্রীনিবাসনকে ভারতীয় ক্রিকেট থেকে চিরতরে ছুড়ে ফেলা।’ শ্রীনিবাসন যাতে আইসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন ভার্মা। সেটা না করা হলে বিসিসিআইকেও আদালতে নিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন।
বিসিসিআই অবশ্য এ ক্ষেত্রে ধীরে চলো নীতি অনুসরণ করছে। রায়ের পর বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘বিসিসিআই বিচার বিভাগের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। রায়ের পূর্ণ প্রতিবেদন পাওয়ার পর সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে বোর্ড নিজের মতামত জানাবে।’
লোধা কমিশনের রায়ে অনিশ্চিত হয়ে গেছে চেন্নাই ও রাজস্থান দলের খেলোয়াড়দের ভবিষ্যৎও। অবশ্য বিচারপতি লোধা তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হলেও চেন্নাই কিংবা রাজস্থানের কোনো খেলোয়াড়কে শাস্তি ভোগ করতে হবে না। তারা পুরোপুরি মুক্ত। ফলে এই দুই ফ্র্যাঞ্চাইজি যদি মালিকানা অন্য কারও কাছে পুরোপুরি বিক্রি করে দেয়, তখন হয়তো আইপিএলে খেলতে বাধা থাকবে না চেন্নাই-রাজস্থানের। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিয়েছে কমিশন।
ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ার খবরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তবে দুটি দলের খেলোয়াড়দের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় অধিনায়ক কাল রায়ের পর এনডিটিভিকে বলেছেন, ‘আমি জানি চেন্নাই ও রাজস্থানের খেলোয়াড়েরা এই মুহূর্তে খুবই অসহায় বোধ করছে।’ ধোনিকে ছাড়া আইপিএল কল্পনা করাটাও কঠিন বলে মনে হচ্ছে গাভাস্কারকে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।