শ্রীনিকে নিয়ে 'উত্তপ্ত' ভারতীয় ক্রিকেট

কলকাতা, জগমোহন ডালমিয়ার রাজত্বের রাজধানী। এখান থেকেই প্রথমে ভারতীয় ক্রিকেট, এর পর পুরো বিশ্ব ক্রিকেটেরই অধিপতি হয়েছিলেন ডালমিয়া। সেই কলকাতায় ঢুকে পড়লেন এন শ্রীনিবাসন। যেটিকে দেখতে পারেন প্রতীক হিসেবে। সর্বোচ্চ আদালতের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সসম্মানে হলেও বিতাড়িত হয়েছিলেন বহুল বিতর্কিত-সমালোচিত শ্রীনি। দৃশ্যপটে আবারও আবির্ভাব হচ্ছে তাঁর।
সেই বিতাড়নের পর আগামীকাল প্রথমবারের মতো বিসিসিআইয়ের কার্য নির্বাহী কমিটির বৈঠকে যোগ দিচ্ছেন। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি বোর্ড সভা করেছিলেন শ্রীনি। এর পর তাঁকে ও তাঁর অনুগতদের কোণঠাসা করে ফেলে ডালমিয়া ও অনুরাগ ঠাকুরের অনুসারীরা। ক্রিকেটে তিন মোড়লের শাসন যুগের অন্যতম নকশাকারী শ্রীনিকে আইসিসি থেকে হটানোরও পরিকল্পনা করা হয়। কিন্তু রাজ্য ক্রিকেট নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবারও পদাধিকার বলে ভারতীয় বোর্ডে ফিরে এসেছেন তামিল নাড়ুর এই ক্রিকেট কর্তা। ভারতীয় ক্রিকেটে নিজের রাজ্যপাট গোছানোর কাজও শুরু করে দিয়েছেন।
যদিও এরই মধ্যে দুটো প্রবল ধাক্কা সামলাতে হয়েছে তাঁকে। আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছে চেন্নাই সুপার কিংস, যেটির মালিক শ্রীনিরই ইন্ডিয়া সিমেন্ট। শুধু তা-ই নয়, শ্রীনির জামাতাও ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত বলে প্রমাণিত হয়েছে। সরাসরি শ্রীনির কোনো যোগসূত্র অবশ্য প্রমাণ করা যায়নি। কিন্তু তৎকালীন বিসিসিআই প্রধান হিসেবে শ্রীনি কিছুতেই আইপিএল-কেলেঙ্কারির দায় এড়াতে পারেন না বলে অভিমত অনেকের।
এসব কথায় অবশ্য থোড়াই কেয়ার করছেন ঝানু এই ব্যবসায়ী। ভারতে ক্রিকেট এখন সোনার ডিম পাড়া হাঁস। তাতে নিজের ভাগ তিনি ছাড়বেন কেন! আবারও তাই নড়েচড়ে বসেছেন শ্রীনি। যদিও আগামীকালের এই বৈঠক নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট। শ্রীনির অনুসারীদের দাবি, আইপিএল-কেলেঙ্কারি উদ্ঘাটনে গঠিত লোধা কমিটি প্রতিবেদন দিয়ে দিয়েছে। যেখানে শ্রীনির কোনো সম্পৃক্ততা নেই। ফলে আইনের দিক দিয়ে তাঁর বৈঠকে অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু শ্রীনির বিরোধী পক্ষের বক্তব্য, লোধা কমিটির আংশিক রায়ই কেবল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত রায় এখনো আসেনি। সেই চূড়ান্ত রায়ে নাকি আরও বিস্ফোরক সব তথ্য আছে।
এ দিকে শ্রীনির আসন টলিয়ে দেওয়া বিহারের ক্রিকেট কর্তা আদিত্য ভার্মা বিসিসিআইকে আইনি নোটিশ পাঠিয়েছেন। গত ২২ জানুয়ারি ও ২১ ফেব্রুয়ারি দেওয়া উচ্চ আদালতের নির্দেশের কথা উল্লেখ করে আদিত্য বলেছেন, আগামীকালের বৈঠকে শ্রীনি অংশ নিলে সেটি হবে আইনের নির্দেশ লঙ্ঘন।
দেখা যাক, কী হয় আগামীকাল! আক্ষরিক অর্থেই যে মুখোমুখি হচ্ছেন ডালমিয়া আর শ্রীনি! সূত্র: ডিএনএ স্পোর্ট।