শ্রীনির চক্করে ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক শ্রীনিবাসনেই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি
এক শ্রীনিবাসনেই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সংগৃহীত ছবি

নারায়ণস্বামী শ্রীনিবাসন নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন। শুধু শ্রীনিবাসনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকরী কমিটির সভা বাতিল হয়েছে। শ্রীনি প্রসঙ্গে আদালতের শরণাপন্নও হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আদালত থেকে এখনো কোনো সুরাহা মেলেনি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এক শ্রীনিবাসনের কারণেই পিছিয়ে পড়তে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভাও।
চলতি মাসের ২৭ তারিখ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার আগে অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হতে হয়। কিন্তু শ্রীনি ইস্যুতে কার্যকরী কমিটির সভাই হতে পারছে না। কারণ এই মিটিংয়েই আইপিএলের দুই দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা। শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস দল দুটির একটি হওয়ায় শ্রীনির এই সভায় অংশগ্রহণ হবে 'স্বার্থের সংঘাত'। আবার তামিল নাড়ু ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে এই সভায় শ্রীনিবাসনের উপস্থিতিতে বাধা দেওয়া সম্ভব নয়। ক্রিকেট বোর্ড তাই আদালতের শরণাপন্ন হয়েছে।
কমিটির এক সদস্য জানান, 'সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবেই। তাই কার্যকরী কমিটির মিটিং কবে হচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই। ২৭ তারিখে সাধারণ সভার আশা তাই বাদ দিতে হচ্ছে।'
বোর্ডের নিয়মানুযায়ী কার্যকরী কমিটির সভাতে সাধারণ সভার নোটিশ দিতে হয়। নোটিশ দেওয়ার পর অন্তত ২১ দিন অপেক্ষা করে তারপর সাধারণ সভার আয়োজন করা যায়। 

কার্যকরী কমিটির মিটিং ছাড়াও উপদেষ্টা কমিটির সভা এখনো বাকি রয়েছে। নতুন করে দলের কোচ ও নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা উপদেষ্টা কমিটির সভাতেই। কিন্তু শ্রীনিবাসনের কারণে কোনো কমিটির মিটিংই অনুষ্ঠিত হতে পারছে না। বোর্ডের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করলেন, 'বিসিসিআই চাইলে নিয়ম ভেঙেই সাধারণ সভার আয়োজন করতে পারে। কিন্তু তার আগেই শ্রীনিবাসনের ব্যাপারটি পরিষ্কার জানতে হবে আমাদের। উচ্চ আদালত কি সিদ্ধান্ত নিচ্ছে সেটির ওপর নির্ভর করছে কার্যকরী কমিটির সভার ভবিষ্যৎ।'
সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ ভালো জটিলতায় পড়েছে। বিসিসিআইয়ের জন্য আইসিসি চেয়ারম্যান এক বিষফোড়ায় পরিণত হয়েছে। এর আগেও শ্রীনির কারণেই সময়মতো সাধারণ সভা আয়োজন না করতে পারায় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বোর্ডকে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে বাধ্য হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই শ্রীনি ইস্যুতেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া